সকাল থেকেই একটা ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ ছড়িয়ে পড়েছে। একটি টোটোর পিছনে লাগানো ফ্লেক্স। এই ফেক্সে দেখা যাচ্ছে, স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিনে শুভেচ্ছা জানানো হয়েছে। তবে যে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তা হল ফ্লেক্সে ছবি। তাতে স্বামী বিবেকানন্দের বদলে দেওয়া হয়েছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই ছবি পোস্ট করে উপহাস করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
স্বামী বিবেকানন্দের জন্মদিনের এই পোস্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তাতে নীচে ছোটো হরফে লেখা, “স্বামী বিবেকানন্দ-এর জন্ম দিবস উদযাপন”। তার নীচে লেখা তৃণমূল যুব কংগ্রেস, দার্জিলিং জেলা কমিটি। এই ছবিটিই পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, “আহা চোখ, মন, আরও যা যা আছে সব জুড়িয়ে গেল দেখে”। তিনি যে এই ছবির বিদ্রুপ করেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। শ্রীলেখা জানান যে, চিত্র পরিচালক সারণ দত্তের ফেসবুক ওয়াল থেকে তিনি এই ছবি পেয়েছেন।

এই ছবি পোস্টের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই, এই ছবি ঘিরে তৈরি হয়েছে নানান মিম। অভিনেত্রীর এই পোস্ট দেখে নেটিজেনরা তীক্ষ্ণ মন্তব্য করেছেন। এই ধরণের পোস্টারকে ‘অশিক্ষার চরম নিদর্শন’ বলে কটাক্ষ করেছেন অনেকে। আবার অনেকে বলেছেন যে, “বিবেকানন্দকে কেমন বদলে গেছে দেখতে”। তবে এই ছবির সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭।
তবে, এই ধরণের ছবি নিয়ে বিতর্ক আগেও হয়েছে। বরানগরে একবার ২৩শে জানুয়ারি এক নেত্রীর কাটআউটের নীচে দেখা গিয়েছিল নেতাজির ছবি। তা নিয়েও বিস্তর বিতর্ক হয়েছিল।





