আনলক ৪ (Unlock 4) প্রক্রিয়ায় ইতিমধ্যেই দেশে মেট্রো চলাচলের ছাড়পত্র দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। সেইমতো চলতি সপ্তাহে দিল্লিতে চালু হয়ে যাবে মেট্রো রেল, কিন্তু তিলোত্তমায় কবে চলবে পাতাল রেল? এ নিয়ে উঠছে প্রশ্ন। পূর্বে নির্ধারিত ছিল ৮ই সেপ্টেম্বর থেকে চলবে কলকাতা মেট্রো তারপর সংবাদ আসে যে ৮ তারিখ থেকে পিছিয়ে সেটি ১৪ তারিখ করা হয়েছে। কিন্তু আজ রাজ্য সরকার ও কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Rail) কর্তৃপক্ষের বৈঠকের পর কোনরকম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া গেল না, ফলে কলকাতাবাসী পাতাল রেল যাত্রা এখনো পর্যন্ত অনিশ্চিত হয়ে রইল।
আজ সকালে রাজ্য সরকারের সঙ্গে দীর্ঘ বৈঠকের পরেও মেট্রো রেল কর্তারা স্থির করতে পারলেন না যে কবে থেকে কলকাতায় মেট্রো রেল পরিষেবা শুরু হবে। এই নিয়ে মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের (Metro Rail GM) সঙ্গে আরেক প্রস্থ বৈঠক হবে তার পরই জানা যাবে দিনক্ষণ বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে।
আজকের বৈঠকে দুই পক্ষই নিজেদের প্রস্তাব রাখে। নগর উন্নয়ন মন্ত্রকের গাইডলাইন মেনে মেট্রো যেসব সিদ্ধান্ত নিয়েছিল সেগুলোতেই জোর দেয় বৈঠকে। সেই সিদ্ধান্তের মধ্যে কিছু উল্লেখযোগ্য সিদ্ধান্ত হলো, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিষেবা, একেকটি মেট্রোতে গড়ে সাড়ে চারশ জন যাত্রী সফর, মেট্রোতে একটি করে সিট ফাঁকা রেখে বসা, দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে এক মিটার করে দূরত্ব বজায় রাখা ইত্যাদি।
তবে এই দিনের বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না কারণ সূত্র মারফত জানা গিয়েছে মেট্রোর তরফে যারা এইদিন বৈঠক এসেছিলেন তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। গোটা বৈঠকে যা হয়েছে তা জানানো হবে মেট্রো রেলের জেনারেল ম্যানেজারকে তার পরেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।





