ইটহারে বিজেপি কর্মী খুনে‌ পুলিশকে কাঠগড়ায় দাঁড় করালেন রাজ্য বিজেপি সভাপতি। পুলিশ‌ই খুন করেছে। দাবি তাঁর!

এবার পুলিশের বিরুদ্ধে‌ই খুনের অভিযোগ আনলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উত্তর দিনাজপুরের ইটাহারে (Itahar) পুলিশি লকআপে গেরুয়া শিবিরের কর্মীর মৃত্যুর তীব্র প্রতিবাদ জানায় বিজেপি (BJP)। পুলিশের বিরুদ্ধে তাঁদের এই কর্মীকে পিটিয়ে, গুলি করে খুনের অভিযোগ আনেন দিলীপ।

এক‌ই সঙ্গে প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গের (West Bengal) বর্তমান আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে। পুলিশের ভূমিকার কড়া সমালোচনাও করেন। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে ইকোপার্কে (Eco Park) প্রাতঃভ্রমণে বেরিয়ে ইটাহারে (Itahar) ঘটনার প্রতিবাদে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ।

এদিন রাজ্য বিজেপি সভাপতি জানান, ”আট মাস আগে সিপিএম (CPIM) থেকে বিজেপিতে যোগদান করেছিলেন, ওই বিজেপি কর্মী। তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ইটাহার (Itahar) থানার পুলিশ। তারপর থানার লকআপে নিয়ে এসে তাঁকে বেধড়ক মারধর করা হয়। মারের চোট তাঁর কিডনি পর্যন্ত ফেটে যায়। পরে তাঁকে অন্য জায়গায় নিয়ে গিয়ে গুলি করে খুন করে পুলিশ। তাঁর শরীরে পাঁচটি বুলেট। রাতের মধ্যেই ময়নাতদন্ত করার পর পরিবারকে বলা হয় বডি নিয়ে যেতে। কী কারণে ওই বিজেপি কর্মীকে খুন করা হল, বাড়ির কেউ জানে না”।

তিনি আরও বলেন, ”পুলিশ পুরোটাই বেআইনিভাবে করেছে। কী অপরাধ ছিল ওই বিজেপি কর্মীর? বাড়ির লোক কেউ জানল না। পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে গুলি খেল? একটা রাতের মধ্যে কাউকে কিছু না জানিয়ে কীভাবে ময়নাতদন্ত হল? এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবে বিজেপি। পুলিশের এ ধরনের অত্যাচার আমরা কল্পনাও করতে পারি না। ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ”? প্রশ্ন দিলীপ ঘোষের।

RELATED Articles

Leave a Comment