বাড়ি ছেড়ে সম্পূর্ণ করোনা মুক্ত হতে হাসপাতালে ভর্তি হলেন সুজিত বসু।

করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই দমকল মন্ত্রী সুজিত বসু হোম আইসোলেশনেই ছিলেন। কিন্তু এবার ভাল চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলেন তিনি। যদিও তাঁর শরীরে এখন আর কোনও উপসর্গ নেই। তবুও চিকিৎসকদের পরামর্শ মেনেই ইএম বাইপাসের ধারে অবস্থিত অ্যাপোলো হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, দিনকয়েক আগে দমকল মন্ত্রী সুজিত বসুর পরিচারিকা করোনা আক্রান্ত হন। নির্দিষ্ট বিধি মেনে মন্ত্রী এবং তাঁর পরিবারের প্রত্যেকের স্বাস্থ্যপরীক্ষা করা হয়। গত বৃহস্পতিবারই পরীক্ষার রিপোর্ট হাতে আসে। তাতেই দেখা যায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত হওয়ার পরেও তিনি নিজস্ব দফতরসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোয় তাঁকে বিস্তর বিতর্কের মুখেও পড়তে হয়।

একে একে করোনা পজিটিভ হয়েছেন তাঁর স্ত্রী ও ছেলেও। তাই চিকিৎসকদের পরামর্শ মেনে এবার হাসপাতালে ভর্তি হলেন মন্ত্রী।

তবে শরীরে উপসর্গ নেই তাঁর। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, স্বাস্থ্যও ঠিকই আছে সুজিত বসুর। তবে সাবধানের মার নেই। দ্রুত যাতে তিনি ভাইরাসমুক্ত হন সেইজন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর।

RELATED Articles

Leave a Comment