কলকাতার সংগীতপ্রেমীদের জন্য মার্চ মাসের মাঝামাঝি একটি বিশেষ সন্ধ্যার অপেক্ষা ছিল অনেক দিনের। জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহানের আই অ্যাম হোম সঙ্গীতসফরের শেষ অনুষ্ঠান হওয়ার কথা ছিল এই শহরেই। আগামী ১৪ মার্চের সেই কনসার্টের ঘোষণা কয়েক মাস আগেই করা হয়েছিল। ভক্তদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। কিন্তু ঠিক অনুষ্ঠানের আগে এমন একটি পরিস্থিতি তৈরি হল, যেখানে গায়িকাকে নিতে হল একটি কঠিন সিদ্ধান্ত। গলার সমস্যার কারণে আপাতত কলকাতার সেই প্রতীক্ষিত অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়েছেন সুনিধি। যদিও তিনি আশ্বাস দিয়েছেন, অনুষ্ঠান বাতিল নয়, বরং নতুন তারিখে আবার দেখা হবে দর্শকদের সঙ্গে।
গত বছরের ২৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় দফায় শুরু হয়েছিল সুনিধি চৌহানের আই অ্যাম হোম সঙ্গীতসফর। দেশের একাধিক শহরে পরপর অনুষ্ঠান করে দর্শকদের মাতিয়ে তুলছিলেন তিনি। প্রতিটি শহরেই ছিল ভক্তদের বিপুল সাড়া। কিন্তু দীর্ঘ সফরের চাপের মধ্যেই ধীরে ধীরে গলায় সমস্যা শুরু হয় তাঁর। তবুও অনুষ্ঠান বন্ধ না করে নিজের সর্বস্ব দিয়ে গান গেয়ে গিয়েছেন তিনি। তবে শেষ দিকে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে মঞ্চে গান গাইতে গিয়েই গলার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গায়িকা।
লখনউয়ের একটি অনুষ্ঠানে সেই আবেগঘন মুহূর্তের সাক্ষী ছিলেন হাজারো দর্শক। গান গাইতে গাইতে আচমকাই সুনিধি বলেন, তাঁর গলার অবস্থা খুবই খারাপ। তবুও তিনি চেষ্টা করছেন অনুষ্ঠান চালিয়ে যেতে, কারণ দর্শকেরা তাঁর পাশে আছেন। কথাগুলি বলতে বলতেই গলা ভারী হয়ে আসে তাঁর। চোখে জল নিয়ে তিনি জানান, এর আগে কখনও এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি তাঁকে। সেই মুহূর্তে দর্শকরাও আবেগে ভেসে যান এবং করতালিতে গায়িকাকে সাহস জোগান।
এই ঘটনার পরই চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন সুনিধি। চিকিৎসকেরা স্পষ্টভাবে জানান, আপাতত কণ্ঠকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া জরুরি। কারণ ঘন ঘন গলার সংক্রমণে ভুগছেন তিনি। সেই কারণেই সামাজিক মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করে গায়িকা জানান, বর্তমান পরিস্থিতিতে ১৪ মার্চের অনুষ্ঠান করা সম্ভব নয়। তিনি লেখেন, এটি তাঁর জন্য খুব কঠিন সিদ্ধান্ত হলেও সুস্থ হয়ে আবার দর্শকদের সামনে সেরা পারফরম্যান্স দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
আরও পড়ুনঃ “শিশুরা আর পৃথিবীতে নিরাপদ নয়…শ্বাস রোধ করছে প্রতি মুহূর্তে, ওদের বাঁচতে দিন!” জন্ম নিতেই ভবিষ্যৎ ঝুঁকিতে! কী কারনে উদ্বিগ্ন, সদ্য মাতৃত্বে পা রাখা দীপিকা পাড়ুকোন? কী ঘটেছে অভিনেত্রীর কন্যার সঙ্গে?
তবে ভক্তদের জন্য স্বস্তির খবরও দিয়েছেন সুনিধি চৌহান। তিনি জানিয়েছেন, কলকাতার অনুষ্ঠান সম্পূর্ণ বাতিল করা হয়নি। নতুন তারিখ ঠিক করা হয়েছে ২৫ মার্চ। যাঁরা ইতিমধ্যেই ১৪ মার্চের অনুষ্ঠানের টিকিট কেটেছেন, তাঁদের নতুন করে কিছু করতে হবে না। একই টিকিটেই তাঁরা ২৫ মার্চের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানস্থলও অপরিবর্তিত থাকছে। তাই কয়েক দিনের অপেক্ষার পরেই আবার কলকাতার মঞ্চে গানের জাদু ছড়াতে ফিরবেন সুনিধি।





