Kolkata : “নাগরিকত্ব যাচাই করব না!” কমিশনের নির্দেশ মানতে নারাজ শিক্ষক সমাজ, পথে নামছে সংগঠনগুলো!

বিদ্যালয়ের পাঠদান, মূল্যায়ন, প্রশাসনিক কাজ—সবই চলে শিক্ষকদের কাঁধে ভর করে। অথচ এবার সেই কাঁধেই চাপানো হচ্ছে আরও এক দায়। ভোটার চিহ্নিতকরণ এবং সংশোধনের কাজে নিযুক্ত করা হচ্ছে রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বহু শিক্ষককে। নির্বাচন কমিশনের নির্দেশে তাঁদেরই ‘বুথ লেভেল অফিসার’ বা বিএলও-র দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই নিয়োগ ঘিরেই রাজ্য জুড়ে ধীরে ধীরে বাড়ছে ক্ষোভ।

কমিশনের তরফে নির্দেশ এসেছে, বিএলও-দের ভোটার তালিকা সংশোধনের কাজে ঘরে ঘরে গিয়ে ভোটার যাচাই করতে হবে। এতদিন এই কাজ কেবল তথ্য ও নথিপত্র দেখে করা হত, কিন্তু এবার তাতে সংযোজন হয়েছে সরাসরি বাড়ি ভিজিট এবং প্রমাণ সংগ্রহের বিষয়। শিক্ষকরা বলছেন, এর মাধ্যমে কার্যত নাগরিকত্ব যাচাইয়ের দায় চাপানো হচ্ছে তাঁদের উপর। পাশাপাশি, সংশ্লিষ্ট এলাকায় ক্ষমতাসীন দলের চাপের মধ্যেও কাজ করতে হতে পারে, এমন আশঙ্কায় রয়েছেন অনেকেই।

শিক্ষক সংগঠনগুলির দাবি, এই বাড়তি দায়িত্বের কারণে ক্ষতিগ্রস্ত হবে পাঠদান। কারণ, নোটিস সার্ভ করা, বাড়ি ভিজিট, প্রমাণ সংগ্রহ, তা ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে জমা দেওয়া, বিএলও সংক্রান্ত ট্রেনিং—সবই করতে হবে স্কুল চলাকালীন সময়েই। এতে যেমন শিক্ষার্থীদের অপূর্ণতা তৈরি হবে, তেমনই শিক্ষকরাও মানসিক চাপে থাকবেন।

জেলাশাসকদের তরফে ইতিমধ্যেই পাঠানো হয়েছে নির্দেশিকা। বলা হয়েছে, যাঁরা বিএলও-র দায়িত্ব নিতে অস্বীকার করছেন, তাঁদের বিরুদ্ধে বিধিবদ্ধ দায়িত্ব ভঙ্গের অভিযোগে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যদিও মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, “এখনও পর্যন্ত কাউকে শাস্তি দেওয়া হয়নি। প্রথমে বোঝানো হবে, তারপর শো-কজ। সন্তোষজনক জবাব না পেলে তবে ব্যবস্থা।”

আরও পড়ুনঃ Operation sindoor : পাকিস্তানের পারমাণবিক ঘাঁটি কি ভারতের টার্গেট ছিল? ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নতুন দাবি বিশ্লেষকের, তুঙ্গে বিতর্ক!

এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠন একজোট হয়ে প্রতিবাদে নামতে চলেছে। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র জানিয়েছেন, “কমিশনের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আগামী সপ্তাহেই কনভেনশন ডাকছি। প্রাথমিক শিক্ষক সমিতি ও অন্যান্য সংগঠন একসঙ্গে এই সিদ্ধান্ত নেবে। প্রয়োজনে নির্বাচন কমিশনের দ্বারস্থও হব।”

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles