এখনও ষষ্ঠীর বোধন হয়নি, কিন্তু মানুষের ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে মহালয়া থেকেই। মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়। এখন থেকেই লম্বা লাইন মণ্ডপের বাইরে। আজ সবে পঞ্চমী। এখনও আসল দিনগুলোতে পড়েই রয়েছে। সেই দিনগুলোতে মানুষের কী ঢল রাস্তায় নামবে, তা ভেবেই যেন কূলকিনারা পাওয়া যাচ্ছে না।
কলকাতা যেন নিজের রেকর্ড নিজেই ভাঙছে। প্রতি বছর আগের বছরের তুলনায় বাড়ছে ভিড়। ট্র্যাফিক সামাল দিয়ে কড়া হাতে নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ। বড় বড় মণ্ডপগুলিতে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হচ্ছে মানুষকে। এবার কোন মণ্ডপে কতক্ষণ অপেক্ষা করতে হবে, সেই তথ্য এবার মিলবে মোবাইলেই। কলকাতা পুলিশের তরফে নেওয়া হল এক দারুণ উদ্যোগ।
আগামী এক সপ্তাহের জন্য কলকাতা পুলিশের ফেসবুকে পেজে দর্শনার্থীদের জন্য চালু করা হয়েছে কিউ টাইম। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, কলকাতার কোন পুজোমণ্ডপে কতক্ষণ অপেক্ষা করতে হবে, তা জানা যাবে এই কিউ টাইম দেখেই। তৃতীয়া থেকেই এই নতুন উদ্যোগ শুরু করেছে কলকাতা পুলিশ ।
আহিরীটোলা সর্বজনীন থেকে শুরু করে বাবুবাগান, বাগবাজার সর্বজনীন থেকে চেতলা অগ্রনী, সন্তোষ মিত্র স্কোয়ার, সুরুচি সংঘ, সিংহী পার্ক, ত্রিধারা, টালা প্রত্যয়, মুদিয়ালি ক্লাব, দেশপ্রিয় পার্কের মতো একাধিক বড় পুজোর মণ্ডপে কতক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হবে, তা আগাম জানিয়ে দেবে কলকাতা পুলিশের এই কিউ টাইম। কলকাতা পুলিশের ফেসবুক পেজে এই তথ্য মিলবে।
এই কিউ টাইমের তালিকা দেখে আবার অনেকেই ফেসবুকে কমেন্ট করেছেন যে শ্রীভূমির নাম কেন নেই এই তালিকায়। সেই ধন্দ অবশ্য দূর করে দিয়েছে খোদ কলকাতা পুলিশই। জানানো হয়েছে, এই কিউ টাইম তালিকায় কলকাতা পুলিশের আওতায় শহরের বড় পুজোগুলির নাম রয়েছে। শ্রীভূমি বিধাননগর পুলিশ কমিশনারেটের আওতাধীন। তা কলকাতা পুলিশের আওতাধীন নয়। সেই কারণেই সেই মণ্ডপের নাম নেই এই কিউ টাইম তালিকায়।





