“এই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, শুধু নিজেদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য… ১৫ বছর ধরে অপশাসন আর দুর্নীতির শিকার বাংলা” পয়লা বৈশাখে ‘জয় মা কালী’ বলে শুভেচ্ছা জানিয়ে বঙ্গবাসীকে কী বার্তা দিলেন নরেন্দ্র মোদী?

নববর্ষ মানেই নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন সূচনার বার্তা। এই সময়েই রাজনীতির মঞ্চেও বদলে যায় ভাষা, বদলে যায় সুর। শুভেচ্ছার আবহে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেন নেতারা। ঠিক এমনই এক আবহে এবার বঙ্গবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই শুভেচ্ছা বার্তায় শুধু উৎসবের রং নয়, ছিল রাজনীতির স্পষ্ট ইঙ্গিতও যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

বাংলা ভাষায় লেখা সেই চিঠির শুরুতেই ‘জয় মা কালী’ বলে প্রণাম জানিয়েছেন তিনি। নববর্ষের শুভদিনে বাংলার মানুষের সুখ, সমৃদ্ধি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তাঁর বক্তব্যে একদিকে যেমন ছিল আবেগের ছোঁয়া, তেমনি ছিল রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের ইঙ্গিত। তিনি লিখেছেন, নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যাওয়ার সময় এখনই আর সেই পথেই এগোতে হবে বাংলাকে।

এরপরই চিঠির সুর বদলাতে শুরু করে। গত ১৫ বছরের রাজ্য সরকারের শাসন নিয়ে সরাসরি আক্রমণ শানান প্রধানমন্ত্রী। তাঁর দাবি, এই সময়ে পশ্চিমবঙ্গ অপশাসন, দুর্নীতি এবং বিশৃঙ্খলার শিকার হয়েছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার, সম্মান এবং বাংলার সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিশেষ করে মহিলাদের নিরাপত্তা, যুবসমাজের কর্মসংস্থান এবং গরিব মানুষের অধিকার নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি তাঁকে ব্যথিত করে।

সমালোচনার পাশাপাশি ভবিষ্যতের একটি চিত্রও তুলে ধরেছেন তিনি। ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়ার আহ্বান জানিয়ে বলেন, এমন একটি রাজ্য তৈরি করতে হবে যেখানে প্রত্যেকের মাথার ওপর ছাদ থাকবে, কারও পাতে ভাতের অভাব হবে না, মহিলারা নিরাপদে চলাফেরা করতে পারবেন এবং যুবকদের কাজের জন্য অন্য রাজ্যে যেতে হবে না। তাঁর কথায়, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ দেশের উন্নয়নের স্রোতে আরও শক্তভাবে যুক্ত হবে এবং ‘বিকশিত ভারত’-এর অন্যতম পথপ্রদর্শক হয়ে উঠবে।

চিঠির শেষ অংশে স্পষ্টভাবে উঠে আসে নির্বাচনী বার্তা। আসন্ন বিধানসভা নির্বাচনকে তিনি শুধু ভোট নয়, ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন। সকলকে ‘সঠিক সিদ্ধান্ত’ নেওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, এই সিদ্ধান্ত শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ। একইসঙ্গে তিনি আত্মবিশ্বাসের সুরে জানান, পশ্চিমবঙ্গের মানুষ এবার বিজেপির উপর আস্থা রাখবে এবং একটি ঐতিহাসিক জয় উপহার দেবে। নববর্ষের শুভেচ্ছার আড়ালে তাই স্পষ্টই ধরা পড়ল ভোটের আগে বড় রাজনৈতিক বার্তা।

RELATED Articles