ফের জম্মু-কাশ্মীরে গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ গেল দুই জেহাদির। মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের (J&K) বুধগামে (Budgam) সন্ত্রাসবাদীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর তীব্র গুলির নিকেশ হয় দুই জঙ্গি (Terrorists)। তবে এখনও পর্যন্ত তাদের সঠিক পরিচয় হাতে আসেনি নিরাপত্তা বাহিনীর।
গতকালই আবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে এক জঙ্গি খতম হয়। এক জঙ্গি আত্মসমর্পণ করে। তারা হিজবুল মুজাহিদিনের সদস্য ছিল বলে জানা গিয়েছে। সোমবার রাত থেকে শুরু হয়ে সেই গুলির লড়াইও চলেছিল বেশ কয়েক ঘণ্টা।
বুধগামের ঘটনায় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আগে থেকেই খবর ছিল ওই এলাকায় জঙ্গিরা ঘাপটি মেরে রয়েছে। সেইমতো মঙ্গলবার সন্ধে সাতটা নাগাদ বুধগাম জেলার চাদুরা অঞ্চলের মোচওয়ায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ঘণ্টা দুয়েক তল্লাশি চলার পরে রাত ন’টা নাগাদ হঠাৎই শুরু হয়ে যায় গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর উপরে হঠাৎই এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা। জবাবে গুলি ছোঁড়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীও।
আনুমানিক চার ঘণ্টা ধরে চলে এই গুলির লড়াই। শেষপর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় দুই জঙ্গি। ওই দুই জঙ্গি কোন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল বা তাদের পরিচয় কী, তা এখনও জানা যায়নি। তবে আগে পাওয়া খবরের সূত্রে ধরে মনে করা হচ্ছে, দু’জনের মধ্যে একজন আবার বিদেশি।
২০২০ শুরু থেকেই ব্যাপকহারে জঙ্গি দমন করছে যৌথবাহিনী। বহু সন্ত্রাসবাদী গোষ্ঠীর মাথাদেরও নিকেশ করা হয়েছে। কিন্তু সূত্রের খবর গত কয়েক সপ্তাহে জঙ্গি হানার সংখ্যা বেড়েছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সম্প্রতি স্থানীয় সন্ত্রাসবাদীদের উদ্দেশে আবেদন করেন, তারা যেন হিংসার পথ ছেড়ে দেয়। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। কিন্তু বিজেপি এর প্রতিবাদ করে করে বলে ওদের জন্য দেশের একটাই নীতি সেটা হল ‘বুলেট’।





