পুলিশ আমাদের নিরাপত্তা দেয়, রক্ষা করে। কোনও বিপদে পড়লে সবথেকে প্রথমে পুলিশের কথাই মনে পড়ে আমাদের। কিন্তু সেই পুলিশই যদি অন্যায় করে, তাহলে? এবার তিন পুলিশকর্মীর বিরুদ্ধেই ৩৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠল তাও আবার খাস কলকাতায়। তিন পুলিশকর্মী-সহ মোট ৬ জনের থেকে উদ্ধার করা হয়েছে লক্ষ লক্ষ টাকা। গতকাল, বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হয় বলে খবর।
সূত্রের খবর, গত বুধবার একবালপুরের এক ব্যবসায়ী তাঁর দুই কর্মীকে দিয়ে ব্যাঙ্কে ৩৩ লক্ষ টাকা পাঠাচ্ছিলেন। সেইসময় ডায়মন্ড হারবার রোডের উপর কয়েকজন পুলিশকর্মী তাদের আটকায়। এরপর তাদের একটি হোটেলে নিয়ে যাওয়া হয় বলে দাবী। সেখানে গিয়ে মারধর করে তাদের কাছে থাকা টাকা লুঠ করে পুলিশকর্মীরা।
জানা গিয়েছে, ওই দুই কর্মীর কাছে ব্যাগে ৩৩ লক্ষ ৩০ হাজার টাকা ছিল। ব্যাঙ্কে যাওয়ার পথে তিন পুলিশকর্মী তাদের আটকায় ও ব্যাগ তল্লাশি শুরু করে। পরবর্তীতে তাদের নিয়ে যাওয়া হয় একটি হোটেলে। সেখানে আরও তিনজন ছিল। ওই হোটেলেই ওই দুই কর্মীকে বেধড়ক মারধর করা হয় ও তাদের থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়।
অভিযুক্ত তিন পুলিশকর্মী ওই দুই কর্মীকে একবালপুর থানাতেই নিয়ে যায়। সেখানে ওই দুই কর্মী এতটাই ঘাবড়ে ছিলেন যে থানায় কিছুই বলতে পারেন নি তারা। দু’জনের কথাতেই অসঙ্গতি ধরা পড়ে। এর থেকেই সন্দেহ বাড়ে পুলিশের।
এরপরই এই ঘটনার তদন্ত শুরু করে একবালপুর থানার পুলিশ। অভিযোগকারী দুই কর্মীকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই উঠে আসে তিন পুলিশ কর্মীর কীর্তির কথা। জানা যায়, এই টাকা লুঠের ঘটনায় তিন পুলিশ কনস্টেবল যুক্ত। তাদের কাছ থেকে ৩০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। এরপরই ওই তিন পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়।





