কলকাতা পুরভোটের ফলপ্রকাশের পরই বামেদের পার্টি অফিস দখল তৃণমূলের, মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই চলল বিজয়োৎসব

দলীয় নেতৃত্ব বারবার বারণ করেছিলেন বটে, কিন্তু কে শোনে কার কথা! গত রবিবার পুরসভা নির্বাচনের দিনও তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। আর আজ, মঙ্গলবার ভোটের ফলপ্রকাশের দিনও এর অন্যথা হল না। ফলপ্রকাশের পরই পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডে এসএফআই ও ডিওয়াইএফআই-এর দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

এই ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। এই ফল ঘোষণা হওয়ার অনতি পরেই কলকাতায় ফুটে উঠল এই ছবি। বাস্তুহারা সমিতির কার্যালয়ও দখল করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন বামেদের কার্যালয়ে তালা ঝুলিয়ে ও ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে তৃণমূলের বিজয়োৎসবের সময় মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

নেতাজি নগরের এই তিনতলা ভবনেই ছিল বামেদের দলীয় কার্যালয়। সেখানেই তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। এদিন সিপিএম প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান যে তৃণমূলের জয়লাভের পরই এই ঘটনা ঘটানো হয়েছে।

এই ঘটনায় একটি ভিডিও-ও প্রকাশ্যে এসেছে যাতে দেখা গিয়েচঘে বামেদের কার্যালয়ে তৃণমূলের পতাকা লাগানো। কার্যালয়ের সামনেই ডিজে বাজিয়ে চলছে বিজয় উল্লাস। সেখানে উপস্থিত রয়েছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে কার্যালয় দখলের সময় তারা সেখানে ছিলেন কী না, তা জানা যায়নি।

এই ঘটনায় সিপিএম নেতা চন্দন চট্টোপাধ্যায় বলেন, “এখনও সার্টিফিকেট নিয়ে বাড়ি ফেরেননি, তার মধ্যেই এ ভাবে দলীয় কার্যালয়ে ঢুকে সব ছুড়ে ফেলে দেবেন”?

তিনি আরও বলেন, “একটা ওয়ার্ডে এত বছর ধরে সিপিএম ছিল বলে, এখন তাদের পার্টি অফিস দখল করে নিতে হবে? রেড ভলান্টিয়ারদের অক্সিজেন সিলিন্ডার ছুড়ে ফেলে দেওয়া হবে, আর একজন মন্ত্রী সেটা বসে বসে দেখবেন? এরপরেও সবাই চুপ থাকবেন”?

এই ঘটনার নিন্দা করেছেন তৃণমূলের অন্য এক জয়ী প্রার্থী তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, “যারা এ কাজ করেছে, তারা অন্যায় করেছে”।

RELATED Articles