Tanmoy Bhattacharya: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) সপ্তম দফায় ভোটআবহ সরগরম। সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। এদিন বরানগর বিধানসভা কেন্দ্রে রয়েছে বিধানসভা উপনির্বাচনও। সেখানেও উত্তপ্ত পরিস্থিতি। অশান্তির আবহে বরানগরে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর (Tanmoy Bhattacharya) সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূলের কাউন্সিলর।
সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের (Tanmoy Bhattacharya) সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসা
বরানগরে ১৪ নম্বর ওয়ার্ডে ভোট দেখতে গিয়ে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে বচসায় জড়ান বরানগর উপনির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। বচসা গড়ায় হাতাহাতিতে। ঘটনাটি ঘটেছে বরানগরের ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজে।
অভিযোগ, সিপিএম প্রার্থী বুথে ঢুকতে গেলে বাধা দেন ওই তৃণমূল কাউন্সিলর। সেই থেকে শুরু হয় কথা কাটাকাটি। বাকবিতণ্ডার মধ্যেই হঠাৎ চড়াও হন একে অপরের উপর। শুরু হয় হাতাহাতি।
কী বললেন সিপিআইএম প্রার্থী?
ঘটনা প্রসঙ্গে সিপিআইএম প্রার্থী জানান, “আমি আজ কোনও ভোটারের সঙ্গে কথা বলিনি। এমনকি একজন আমাকে নমস্কার করেছিলেন, আমি প্রতিনমস্কারও করিনি। আমি জানি আজকের দিনে তা আইনবিরুদ্ধ। আমি বুথে ঢুকেছি, পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেছি, দেখেছি সব ব্যবস্থাপনা ঠিকঠাক আছে কিনা। এই বুথে এক পরিচিতের মেয়েকে দেখে আমি কথা বলি ও তাঁকে আদর করি। তখনই স্থানীয় কাউন্সিলর মেজ ও তাঁর বাহিনী আমাকে আক্রমণ করেন”।
আরও পড়ুনঃ সিপিএম এজেন্ট সেজে বুথে হাজির তৃণমূল নেতা, ভুয়ো এজেন্টকে হাতেনাতে ধরলেন প্রতীকউর রহমান, ধরা পড়তেই চম্পট
সিপিআইএম প্রার্থীর আরও অভিযোগ, তাঁকে চোর, চিটিংবাজ ও চৌত্রিশ বছর বাংলায় শাসন চালানো নিয়ে কটাক্ষ ছোঁড়ে কাউন্সিলরের সঙ্গীরা। প্রার্থী আরও বলেন, “আমি তাঁর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করেছি, আমি কী করেছি? আমিতো জ্যোতিপ্রিয় মল্লিকের মতো জেল খাটছি না চুরি করে। তখনা কাউন্সিলরের সঙ্গে একটি ছেলে ছিল। সে আমাকে ঘুষি মারে। আমার মোবাইলও পড়ে যায়। অন্যজন আমাকে ঠেলতে শুরু করে”।





