বড় জয় কুণালের! মিলল সারদা কাণ্ডের আরও একটি মামলা থেকে স্বস্তি, তৃণমূল নেতাকে নির্দোষ ঘোষণা করল আদালত

এর আগে সারদা কাণ্ডের একটি মামলা থেকে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে স্বস্তি দিয়েছিল আদালত। এবার সারদার আরও একটি মামলায় কুণালকে নির্দোষ ঘোষণা করল আদালত। আজ, বৃহস্পতিবার দীর্ঘ শুনানির পর এমন জয় পেলেন তৃণমূল নেতা।

কী অভিযোগ ছিল কুণালের বিরুদ্ধে এই মামলায়?   

গত ২০১৩ সালে কুণাল ঘোষের বিরুদ্ধে পার্ক স্ট্রীট থানায় একটি মামলা দায়ের করা হয়। কুণালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় অভিযোগ আনা হয়েছিল। দীর্ঘদিন ধরে চলছিল এই মামলার শুনানি। আজ, বৃহস্পতিবার সাংসদ-বিধায়ক আদালতে এই মামলার শুনানি ছিল। এদিন এই মামলায় কুণালকে নির্দোষ বলে ঘোষণা করলেন বিচারক জয়গোপাল রায়।

এদিন কুণালের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী অয়ন চক্রবর্তী। এদিন আদালত জানায় যে ৪০৯ ধারা সরকারি কর্মচারী বা আধিকারিকের বিরুদ্ধে লাগু করা যায়। কিন্তু কুণাল ঘোষ কোনও সরকারি কর্মী বা আধিকারিক নন। সেই কারণে তাঁকে স্বস্তি দেওয়া হয়। এদিন সুদীপ্ত সেনও নিজের দোষ স্বীকার করে নেন। ৪০৬ (প্রতারণা) ধারায় সর্বোচ্চ শাস্তি হল ৩ বছরের। সুদীপ্ত সেন এর বেশি সময়ই জেলবন্দি। সেই কারণে গিলটি পিটিশন পেশ করে এই মামলা থেকে মুক্তি দেওয়া হয় সুদীপ্তকেও।

বলে রাখি, এর আগে ২০২২ সালে সারদার আরও একটি মামলা থেকে স্বস্তি পেয়েছিলেন কুণাল ঘোষ। রাজ্য পুলিশের সিট কুণালের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের করেছিল। যে ধারায় সেই মামলা করা হয়েছিল, তাতে কুণালের বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি। ফলে সাংসদ-বিধায়ক আদালত সেই মামলা খারিজ করে স্বস্তি দিয়েছিল তৃণমূল নেতাকে।  

আদালত সূত্রের খবর, বন্দি থাকাকালীন জেলের মধ্যে আ’ত্ম’হ’ত্যার চেষ্টা করেছিলেন কুণাল ঘোষ। ওই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। কিন্তু সেই সময় কুণালের মানসিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে কোনও সাজা দেয়নি আদালত।

RELATED Articles