লোকসভা নির্বাচনের আগে আজ, বৃহস্পতিবার রাজ্য বাজেট ঘোষণা হল। এদিন জাতীয় সঙ্গীত নয়, রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হয় অধিবেশন। এদিন রাজ্য বাজেটে এক বড় ঘোষণা করলেন মমতার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীবারেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সিধান্ত মমতা সরকারের।
এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ মহিলারা প্রতি মাসে পাচ্ছিলেন ৫০০ টাকা ও তফশিলি জাতি ও তফশিলি উপজাতির মহিলারা প্রতি মাসে পেতেন ১০০০ টাকা করে। এবার রাজ্য বাজেটে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এবার থেকে সাধারণ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে ১০০০ টাকা করে আর তফশিলি জাতি ও তফশিলি উপজাতির মহিলাদের ভাতা বাড়িয়ে করা হল ১২০০ টাকা।
এক লাফে এভাবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৫০০ থেকে ১০০০ হল। অর্থাৎ রাজ্যের সাধারণ মহিলাদের জন্য দ্বিগুণ বেড়ে গেল ভাতা। এর ফলে গরীব ঘরের মহিলারা যে বেশ উপকৃত হবেন, তা বলাই বাহুল্য। অন্যদিকে, তফশিলি জাতি ও তফশিলি উপজাতির মহিলারাও এবার থেকে ১০০০ টাকার বদলে পাবেন ১২০০ টাকা। তাতে বেশ খুশির হাওয়া মহিলা মহলে।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রতিশ্রুতিতে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের পর তৃতীয়বার মমতা সরকার ক্ষমতায় আসার পর চালু হয় এই প্রকল্প। রাজ্যের মহিলাদের মানোন্নয়নের জন্য চালু হয়েছিল এই প্রকল্প। এবার সেই প্রকল্পে বাড়ানো হল ভাতা।





