ভোটের দিনক্ষণ ঘোষণা এখনও বাকি, কিন্তু রাজ্যের রাজনৈতিক আবহাওয়া ইতিমধ্যেই গরম। শাসকদল নিজেদের চতুর্থবার ক্ষমতায় ফেরানোর লক্ষ্যে নীরবে ঘুঁটি সাজাচ্ছে। কে থাকবেন, কে বাদ পড়বেন, আর কোথায় কোন চমক অপেক্ষা করছে—এসব নিয়েই জোর জল্পনা। দলের অন্দরের খবর বলছে, এবারের প্রার্থী তালিকায় বড়সড় বার্তা দিতে চাইছে নেতৃত্ব। তবে সেই বার্তা কী, তা এখনও প্রকাশ্যে আসেনি।
দলীয় সূত্রের খবর, কালীঘাটে পরপর বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন-ও। প্রার্থী তালিকা নিয়ে একাধিক দফায় আলোচনা হয়েছে বলেই জানা যাচ্ছে। এমনকি কয়েকজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে প্রাথমিক যোগাযোগও নাকি সেরে ফেলা হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে, তালিকা চূড়ান্ত করার কাজ অনেকটাই এগিয়ে।
দলের ভেতরে দীর্ঘদিন ধরেই নবীনদের তুলে আনার পক্ষে সওয়াল করে আসছেন অভিষেক। সূত্রের দাবি, এবারের নির্বাচনে প্রায় চল্লিশজন নবীন মুখকে প্রার্থী করা হতে পারে। পাশাপাশি শোনা যাচ্ছে, বাংলার এক জনপ্রিয় গায়িকা ও সদ্য দলে যোগ দেওয়া এক অভিনেত্রীও টিকিট পেতে পারেন। এই সম্ভাবনা বাস্তবায়িত হলে প্রার্থী তালিকায় বড় চমক থাকছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
যুবদের জায়গা করে দিতে গিয়ে কয়েকজন প্রবীণ নেতার নাম বাদ পড়তে পারে—এমন জল্পনাও উড়ছে। তবে তাঁদের সম্পূর্ণ দূরে সরিয়ে না রেখে সংগঠনের কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে বলে দাবি দলীয় সূত্রের। নবীন-প্রবীণের সমন্বয়েই দল এগোতে চায়—এই বার্তাই দিতে চাইছে শীর্ষ নেতৃত্ব। যদিও এর জেরে কোনও অভ্যন্তরীণ অসন্তোষ তৈরি হয় কি না, তা নিয়ে প্রশ্ন থাকছেই।
আরও পড়ুনঃ US President Donald Trump: আড়াই কোটির প্রাণহানির আশঙ্কা, একের পর এক জেট ভূপাতিত! ভারত–পাক উত্তেজনায় নিজের ভূমিকায় বড় দাবি ট্রাম্পের, উঠছে তথ্য ঘিরে প্রশ্ন!
সবচেয়ে বড় আলোচনার বিষয়, একাধিক হেভিওয়েট মন্ত্রীর বিধানসভা আসন বদলের সম্ভাবনা। সূত্রের দাবি, কৌশলগত কারণে কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে নতুন আসনে প্রার্থী করা হতে পারে। এই পদক্ষেপে ভোটের অঙ্ক বদলাতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত সবটাই জল্পনা। এখন নজর শুধু একটাই—দল কবে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করে এবং তাতে ঠিক কতটা নতুন মুখ দেখা যায়।






