TMC : ২১ জুলাইয়ে তৃণমূলের নতুন চমক! ‘ডিমভাত’ নয়, এবার পাতে থাকবে মাংসভাত!

২১ জুলাই মানেই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালন। এই দিন ঘিরে রাজ্যজুড়ে কর্মীদের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। একদিকে ধর্মতলায় জনসমাবেশ, অন্যদিকে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কর্মী-সমর্থকের ঢল। তাঁদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা তো রয়েইছে, কিন্তু এই বছর পূর্ব মেদিনীপুরে ঘটছে এক অভিনব পরিবর্তন। সামাজিক মাধ্যমে ‘ডিমভাত’ নিয়ে চর্চা এবার অন্য স্বাদে মোড় নিচ্ছে।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও তমলুক— দুই সাংগঠনিক জেলা থেকেই এই বছর প্রায় ১ লক্ষ কর্মীকে ধর্মতলায় পাঠানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেইমতো রবিবার রাতেই বিভিন্ন বুথ থেকে গাড়ি ছাড়বে কলকাতার দিকে। প্রায় ৮০০টি বাস বুকিং করা হয়েছে বলে জানা যাচ্ছে। এত বিপুল কর্মী সমাগমে যেন কোনও অসুবিধা না হয়, তাই জেলার বুথ স্তরের নেতারাও কোমর বেঁধে নেমে পড়েছেন প্রস্তুতিতে।

প্রতিবছর তৃণমূলের কর্মীদের জন্য মেনুতে ভাত, ডাল, ডিম, সবজি থাকলেও এইবার পূর্ব মেদিনীপুরের কর্মীদের জন্য থাকছে বিশেষ আয়োজন। ডিমের জায়গায় থাকছে গরমাগরম চিকেন। মহিষাদল ব্লকের লক্ষ্যা-২ বুথের সভাপতি ছবিলাল মাইতি জানান, এত ভিড়ের মাঝে অনেক সময় কর্মীরা ঠিকমতো খেতে পান না, তাই এবার চাটনি, আলুভাজা ও চিকেন দিয়ে ভাতের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় মাংস বিক্রেতা মফিজুল খানের কাছে ইতিমধ্যেই এসেছে ৫০০ কেজি চিকেনের অর্ডার।

জেলা নেতৃত্ব বুথ সভাপতি ও কর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন— বাসে ওঠার আগে যেন কর্মীদের খাওয়াদাওয়া সেরে নেওয়া হয়। সেইমতো বুথে বুথে রাতেই রান্না হবে ভাত ও চিকেন, তারপর বাসে তুলে দেওয়া হবে তা। এই প্রস্তুতির তদারকিতে রয়েছেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিতকুমার রায় ও চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়। সকাল থেকে রাত— সর্বত্রই চলছে চরম ব্যস্ততা।

আরও পড়ুনঃ ফের নিম্নচাপের সম্ভাবনা, নতুন সপ্তাহে টানা বৃষ্টির পূর্বাভাস বাংলায় — কোন দিন থেকে বাড়বে দুর্যোগ?

তবে এই আয়োজন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। বিজেপি নেতা তপন বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ‘চিকেন-মাটন খাওয়ালেই মানুষ ভুলে যাবে না। এটাই ওদের শেষ ২১ জুলাই।’ তাঁর মতে, ২০২৬-এর ভোটেই এর জবাব দিয়ে দেবে সাধারণ মানুষ। তবে কটাক্ষ যাই হোক, তৃণমূল শিবির এখন একটাই লক্ষ্য— ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চে জনজোয়ার। আর সেই পথেই চলছে আপ্যায়নের আয়োজন।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles