আজ দীর্ঘক্ষণের জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, যানজট এড়াতে কোন পথ দিয়ে ঘোরাবেন গাড়ি?

আজ, মঙ্গলবার থেকে দ্বিতীয় হুগলি সেতুতে যান নিয়ন্ত্রণ শুরু হচ্ছে। জানা গিয়েছে, এদিন রাত ১০টা থেকে হাওড়াগামী দু’টি লেন বন্ধ করে দেওয়া হবে। এর ফলের সেতুর উপর ছোটো গাড়ি, বাইক, যাত্রীবাহী গাড়ি চলাচল করলেও, পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য বিকল্প রুট বাতলে দিল পুলিশ।

গত ১ নভেম্বর থেকে দ্বিতীয় হুগলি সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। আগামী কয়েকমাস সেতু মেরামতির জন্য অন্য রুট দিয়ে যান চলাচল করানো হবে। জানা গিয়েছে, প্রথমে কাজ হবে হাওড়াগামী লেনে আর তারপর কাজ হবে কলকাতাগামী লেনে।   

জানা গিয়েছে, আপাতত ট্রায়াল রান হিসেবে পণ্যবাহী গাড়ির জন্য এই পরিবর্তিত রুটকে ব্যবহার করা হচ্ছে। ট্রায়াল রানের ফলাফল অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দ্বিতীয় হুগলি সেতুর মেরামতির কাজের জন্য বেশ কিছুদিন সেতুর উপর দিয়ে ভারী পণ্যবাহী গাড়ি চলাচলের উপর নিয়ন্ত্রণ করা হবে। এই ট্রায়াল রানের থেকে কী ফলাফল আসছে, তার উপর ভিত্তি করে লালবাজারের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে যে দ্বিতীয় হুগলি সেতু মেরামতির জন্য কবে থেকে০ বন্ধ রাখা হবে।

পরিবর্তিত কোন রুট ব্যবহার করতে হবে?

কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে আজ, মঙ্গলবার রাত ১০ টা থেকে পণ্যবাহী গাড়িগুলি ঘুরপথে যাবে। ডিএল খান রোডের দিক থেকে যে পণ্যবাহী গাড়িগুলি আসবে, সেগুলি বিদ্যাসাগর সেতুর বদলে এজেসি বোস রোড বা ডিএল খান রোড হয়ে হসপিটাল রোড, কেপি রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচমাথার মোড়, টালা সেতু, বি টি রোড, ডানলপ হয়ে নিবেদিতা সেতু দিয়ে শহরের বাইরে যেতে পারবে।

আবার এক্সাইড ক্রসিং হয়ে দ্বিতীয় হুগলি ব্রিজের দিকে যে গাড়িগুলি যাবে, সেগুলি রুট বদলে জেএল নেহরু রোড ধরে শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে নিবেদিতা সেতু দিয়ে এগিয়ে যাবে। বন্দরের দিক থেকে আসা গাড়িগুলিকে সেন্ট জর্জ গেট রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এই গাড়িগুলিকেও শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে নিবেদিতা সেতু দিয়ে পাস করানো হবে বলে জানা গিয়েছে।

পুলিশের তরফে এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে যানজট এড়ানোর জন্য যানবাহন চলাচলও অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে। আজ, ৫ ডিসেম্বর রাত ১০টার পর থেকে এই যান নিয়ন্ত্রণের নিয়ম লাগু হবে।

RELATED Articles