আচমকাই অসুস্থ হয়ে পড়লেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। গতকাল, সোমবার এসএসকেএমে ভর্তি করা হয়েছে তাঁকে। বুকে ব্যাথা, জ্বর, শ্বাসকষ্টে ভুগছেন তিনি, এমনটাই জানা গিয়েছে। বেশ কিছু পরীক্ষা করা হয়েছে তাঁর। উডবার্ন ওয়ার্ডের ২০৬ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন বিধায়ক।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মদন মিত্র। এর মধ্যেই গতকাল, সোমবার বিধানসভায় শীতকালীন অধিবেশনে গিয়েছিলেন। সেখানেও অসুস্থ হয়ে পড়েন তিনি। এদিন বাড়ি ফিরলে রাতের দিকে ফের আরও বেশি অসুস্থতা বোধ করেন বিধায়ক। সেই কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে।
রাজ্যের শাসক দল তৃণমূলের অন্যতম বড় মুখ মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী তিনি। অতীতে রাজ্য মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মদন মিত্র। এসএসকেএম হাসপাতালেও প্রচণ্ড প্রভাব ছিল তৃণমূল নেতার। এখন দলের বড় কোনও পদে তিনি নেই ঠিকই, তবে বঙ্গ রাজনীতিতে তিনি বেশ প্রাসঙ্গিক। শুধুমাত্র রাজনীতিই নয়, রাজনীতির বাইরেও দারুণ জনপ্রিয়তা রয়েছে মদন মিত্রর।
মদন মিত্রের এমন হঠাৎ অসুস্থতার কারণে তাঁর দলের অনেকেই বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারেন বিধায়ক। যদিও সমস্ত রিপোর্ট না আসা পর্যন্ত এখনই কিছু বলতে চান না চিকিৎসকরা।





