বেআইনি নির্মাণের জের! গার্ডেনরিচে বহুতল ভেঙে মৃ’ত্যু ২ জনের, আহত একাধিক, মাথায় ব্যান্ডেজ নিয়েই ঘটনাস্থলে ছুটলেন মুখ্যমন্ত্রী

মাঝরাতে শহরের বুকে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। গার্ডেনরিচে বহুতল ভেঙে বড় দুর্ঘটনার খবর সামনে আসে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের, আহত ১৫ জনেরও বেশি। দুর্ঘটনার খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সকালে ৯টার কিছু পর নিজেই ঘটনাস্থলে পৌঁছন তিনি। মাথায় ব্যান্ডেজ নিয়েই ঘটনাস্থল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী, গেলেন হাসপাতালেও।

রবিবার মাঝরাতে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্যু হয়েছে ২ জনের। বেআইনি নির্মাণ চলছিল বলে অভিযোগ। আজ, সোমবার সকালে মাথায় ব্যান্ডেজ নিয়েই ঘটনাস্থলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু, পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। ঘটনাস্থল পরিদর্শন করে মমতা বলেন, “বিল্ডিংয়ের নীচে যাঁদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, তাঁদের নতুন করে বাড়ি বানিয়ে দেওয়া হবে। এই নির্মাণ কীভাবে হচ্ছিল, কোনও আইনি বৈধতা হয়েছিল কিনা, সে ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হবে”।

তিনি আরও বলেন, “আমরা সকালে মর্মাহত। দুজন মারা গেছেন। যার মধ্যে আমি খবর পেলাম একজনের পা আটকে আছে। উদ্ধারকাজ যত তাড়াতাড়ি হবে তত ভালো। শোকস্তব্ধ আমি। বেআইনি কাজ করলে পদক্ষেপ নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে পদক্ষেপ করার জন্য জানিয়েছি”।

এদিন এলাকা থেকে বেরিয়ে নিকটবর্তী হাসপাতালেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আহতরা ভর্তি রয়েছেন। পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি দেখে গেলাম। যাঁরা ভর্তি আছে, তাঁদের অবস্থা এখন স্থিতিশীল। আমি স্বাস্থ্য সচিবকে বলেছি, এদিকটা বিশেষ খেয়াল রাখতে। এছাড়া আমাদের প্রশাসনিক কর্তা, জনপ্রতিনিধিরা আছেন। তাঁরা সকলে নজর রাখছেন”।

দুর্ঘটনার খবর পেয়ে মমতার টুইট

এই দুর্ঘটনার উদ্বেগ প্রকাশ করে টুইট করেছিলেন মমতা। লেখেন, “গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে যে দুর্ঘটনা ঘটেছে, আমি তাতে শোকাহত। মেয়র, দমকলমন্ত্রী, পুলিশ কমিশনারের সেক্রেটারিয়েট, সিভিক পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল সারা রাত ধরে ঘটনাস্থলে রয়েছেন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন। মৃতদের পরিবারকে এবং আহতদের আমরা ক্ষতিপূরণ দেব। ক্ষতিগ্রস্তদের পাশে আছি”।

এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ ও আহতদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি স্বীকারও করে নিয়েছেন,ভেঙে পড়া বহুতলটি বেআইনি ভাবে তৈরি করা হচ্ছিল।  

RELATED Articles