দোলের দিন সকালে রাস্তার পাশে মিলল মহিলার মৃতদেহ, গলায় ফাঁস দিয়ে খু’ন, চাঞ্চল্য হরিদেবপুরে

দোলের দিন সকালে হরিদেবপুর থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয়ের মহিলার মৃতদেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

হরিদেবপুরের নোনারমাঠের এক বাসিন্দা দোলের সকালে দেখতে পান, তাঁর বাড়ির পাশের গলির কোণে এক তরুণী পড়ে রয়েছেন। কাছে গিয়ে দেখা যায়, মৃত্যু হয়েছে তরুণীর। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তরুণীকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে। সম্ভবত বাইরে কোথাও খুন করে আততায়ীরা হরিদেবপুরের গলিতে ফেলে যায় দেহ।

স্থানীয় সূত্রে খবর অনুযায়ী, ওই মহিলার শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। পোশাক দেখে স্বচ্ছল মধ্যবিত্ত পরিবারেরই মনে হচ্ছিল তাঁকে। বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। কীভাবে ওই মহিলার দেহ হরিদেবপুর এলাকায় এল? এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের মতে, ওই মহিলাকে হয়ত অন্য জায়গায় খু’ন করে হরিদেবপুরে তাঁর দেহ ফেলে রেখে যাওয়া হয়েছে। আবার কারোর শারীরিক অসুস্থতার কারণেও ওই মহিলার মৃত্যু হয়ে থাকতে পারে। আপাতত মহিলার অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

RELATED Articles