‘দ্রুত নিয়োগ চাই’, দাবী নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ প্রাইমারি চাকরিপ্রার্থীদের, টেনেহিঁচড়ে সরিয়ে দিল পুলিশ

আজ, শুক্রবার সকালে হাজরা মোড়ে চাকরির দাবী নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। সেই কারণে সেখানে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। কিন্তু পুলিশের চোখে ফাঁকি দিয়ে সোজা কালীঘাটে পৌঁছে যান চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কিছুটা দূরেই বিক্ষোভ-আন্দোলন করতে থাকেন তারা।  

এই প্রতিবাদীদের মধ্যে বেশিরভাগই মহিলা প্রার্থী। আচমকাই তারা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পৌঁছে গেলে পুলিশও হতচকিত হয়ে পড়ে। চাকরিপ্রার্থীদের সঙ্গে ধ্বস্তাধস্তি শুরু হয় পুলিশের। লাঠিচার্জ শুরু করে পুলিশ। এর জেরে বেশ কয়েকজন প্রার্থী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। 

এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর সময়ে চাকরিপ্রার্থীরা দাবী করতে থাকেন, অবিলম্বে যত দ্রুত সম্ভব আসন সংখ্যা আপডেট করে নিয়োগ করতে হবে তাদের। চাকরিপ্রার্থীদের বক্তব্য, “মুখ্যমন্ত্রী আমাদের অনেক আশ্বাস দিয়েছেন, কিছুই হয়নি। তাই আমাদের নায্য দাবী জানাতে যাচ্ছি”। প্রার্থীরা রাস্তায় শুয়ে পড়ে বলতে থাকেন, “১০ বছর ধরে আমরা বঞ্চিত। ওরা পরীক্ষা কেন নিয়েছিল? এর থেকে মরে গেলে ভাল হত”। তারা চিৎকার করে বলতে থাকেন যে সরকার জনদরদী নয়।  

সাধারণত মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সবসময় কড়া নিরাপত্তা মোতায়েন থাকে। এমন অবস্থায় আন্দোলনকারীরা কীভাবে সেখানে পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন তো উঠছেই। আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে চাকরিপ্রার্থীদের সঙ্গে বচসা শুরু হয়। কালীঘাট চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে, কার্যত চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

‘দ্রুত নিয়োগ চাই’, দাবী নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ প্রাইমারি চাকরিপ্রার্থীদের, টেনেহিঁচড়ে সরিয়ে দিল পুলিশ

প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ আজ ৫৫৫ দিনে পড়ল। ইন্টারভিউতে পাশ করা সত্ত্বেও নিয়োগ হয়নি তাদের। আজ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, অবিলম্বে দ্রুত ও স্বচ্ছ নিয়োগ করে যাতে তাদের চাকরি দেওয়া হয়। মেধাতালিকার উপর ভিত্তি করে দ্রুত নিয়োগের দাবী তোলেন তারা।  

RELATED Articles