এই নিয়ে বেশ কিছুবার এক একই ঘটনা ঘটল। ফের একবার জম্মু-কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা। উচিত শিক্ষা ভারতের তরফ থেকেও। সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় সেনার পাল্টা জবাবে শেষ ৫ পাক সেনা। এছাড়াও আরও ৩ জনের আহত হওয়ার খবর রয়েছে।
গতকাল, বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখার কাছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের একবার হামলা চালায় পাক সেনা। শুধু গুলি নয়, গোলাবর্ষণও শুরু হয়। তাদের লক্ষ্য ছিল সীমান্ত এলাকার নাগরিক সুবিধা কেন্দ্রগুলি। সেগুলিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপরই পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা। জওয়ানদের পাল্টা আক্রমণে জখম হয় একাধিক পাক সেনা ও নিহত ৫। ভারতীয় সেনার আক্রমণে পাক সেনার একাধিক বাঙ্কারও নষ্ট হয়ে গিয়েছে বলে খবর মিলেছে।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত ছ’মাস ধরেই জম্মু ও কাশ্মীর লাগোয়া আন্তর্জাতিক সীমান্তরেখার উপর পাক সেনার ড্রোনের আনাগোনা বেশ বৃদ্ধি পেয়েছে। নভেম্বরের শেষে পুঞ্চ সেক্টরে দেখা মিলেছিল পাক ড্রোনের। বিএসএফের পক্ষ থেকে খবর মেলে, রাতের অন্ধকার আকাশে ড্রোনটির গতিবিধি জওয়ানদের নজরে এসেছিল। তার কিছুদিন আগেই আবার ভারতীয় সেনা জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরে পাক সেনার একটি কোয়াড্রাকপ্টারকে গুলি করে নামিয়েছিল। বেশ কিছুদিন ধরেই যে বেপরোয়াভাবে পাক জঙ্গিরা ভারতীয় সীমান্তে প্রবেশ করার চেষ্টা করছে, তা এর থেকে ভালো মতোই স্পষ্ট। কিন্তু ভারতীয় জওয়ানদের তৎপরতায় তাদের চেষ্টা একাধিকবার ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য়, বছর শুরুর প্রথম থেকেই জম্মু-কাশ্মীরের এই সীমান্ত এলাকায় বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে আক্রমণ চালায় পাক সেনা। গত বুধবারই পুঞ্চের মানকোট সেক্টরে গুলি চালায় পাক সেনা। তবে সেখানেও নিজেদের সাহসিকতার পরিচয় দেন ভারতীয় সেনারা। ভারতীয় সেনার পাল্টা আক্রমণে শেষ হয়েছিল ২ পাক সেনা।






