মানিকতলা উপনির্বাচনে জিততে ঘুষের প্রস্তাব বিজেপি প্রার্থীর, বিস্ফোরক অডিও ফাঁস কুণালের, পাল্টা কী জবাব দিলেন কল্যাণ চৌবে?

Kunal Ghosh Leaked a Audio Clip of BJP Candidate: রাত পোহালেই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এর ঠিক কয়েক ঘণ্টা আগেই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। নির্বাচনে জিততে দলে অন্তর্ঘাতের প্রস্তাব দিয়েছেন বিজেপি প্রার্থী, এমনটাই দাবী করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একটি অডিও ফাঁস করেছেন কুণাল।

এই অডিও প্রকাশ করে কুণাল ঘোষের দাবী, বিজেপি প্রার্থী তাঁকে ফোন করে নির্বাচনের জন্য সাহায্য চেয়েছেন। কুণালের দাবী, কল্যাণ তাঁকে বলেছেন তিনি যদি ভোটে সাহায্য করেন, তাহলে তাঁকে ক্রীড়া ক্ষেত্রে পদ পাইয়ে দেবে কল্যাণ। কুণালের এই দাবীকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল। কুণালের এই দাবীর প্রেক্ষিতে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে বলেন, তিনি কুণালকে ফোন করেছিলেন ঠিকই কিন্তু পদ পাইয়ে দেওয়ার কথা সঠিক নয়।

আজ, মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন কুণাল ঘোষ। তাঁর কথায়, “৭ জুলাই রবিবার রাত সাড়ে এগারোটায় আমাকে ফোন করেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। আমাকে অনুরোধ করেন, তাঁকে সহযোগিতা করার জন্য। তিনি জানেন যে আমি তৃণমূলের নির্বাচন কমিটির আহ্বায়ক। যদিও আমি তর্কের খাতিরেও ধরে নিই যে প্রতিপক্ষের কাছে সাহায্য চাওয়া গণতন্ত্রের সৌজন্য। AIFF-র সভাপতি কল্যাণ চৌবে আমাকে প্রস্তাব দেন যে তাঁকে নির্বাচনে সাহায্য করলে ক্রীড়া ক্ষেত্রে রাজ্য কিংবা জাতীয় স্তরে পদ পাইয়ে দেবেন। এটা তো একধরনের ঘুষ। এটা কী রাজনীতি”?

সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ শেয়ার করেছেন কুণাল ঘোষ (অডিও ক্লিপের সত্যতা যাচাই করে নি ২৪x৭)। সেই অডিও ক্লিপে দু’জনকে কথা বলতে শোনা যাচ্ছে। অন্য প্রান্তের এক ব্যক্তিকে বলতে শোনা যায়, একটা উপনির্বাচনে সরকার গড়বে না বা পড়েও যাবে না। সেখানে ক্রীড়া ক্ষেত্রের প্রসঙ্গও ওঠে।  

কুণাল ঘোষের এই ফাঁস করা অডিও ক্লিপের পাল্টা জবাব দিয়েছেন কল্যাণ চৌবে। তাঁর কথায়, “আমিও বলছি, আমি ফোন করেছি। প্রার্থী হিসেবে ভোটে সাহায্য চেয়েছি। আমি সকলের কাছে পৌঁছনোর চেষ্টা করেছি। তবে এটা আংশিক বক্তব্য। এর আগেও বহুবার কুণাল আমার বাড়িতে এসেছেন। প্রার্থী হিসেবে আমি সবাইকে অনুরোধ করেছি, একবার সুযোগ দেওয়ার। বিরোধী দলে হলেও তাঁকে অনেকদিন ধরে চিনি”।

ক্রীড়া ক্ষেত্রে পদ পাইয়ে দেওয়ার প্রসঙ্গে বিজেপি প্রার্থীর সাফাই, “এটা আংশিক কথা। এভাবে কাউকে ক্রীড়া ক্ষেত্রে পদ পাইয়ে দেওয়া যায় না”। কিছুটা ক্ষেদ প্রকাশ করেই তিনি বলেন, “আমাদের ধীরে ধীরে সৌজন্যবোধ কমে যাচ্ছে। মানুষের সঙ্গে কথা বলার আগে বোধহয় এবার দু’বার ভাবতে হবে”।

তাঁর ইমেজ খারাপ করার জন্যই কী এমনটা করা হচ্ছে? এই বিষয়ে কল্যাণের মত, “ইমেজ খারাপ করার চেষ্টা নিয়ে আমি বিচলিত নই। তবে এভাবে কারও ফোন রেকর্ড করা ঠিক নয়”। তিনি এও জানান, তিনি কুণালের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করবেন না।

আরও অন্যান্য খবর