বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তা নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবেই আগামী সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের অন্তত ন’টি জেলায় ভারী বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও কমবেশি বৃষ্টি চলবে। এদিকে, ওড়িশা উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে।
আবহাওয়া দফতরের মতে, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার উপকূলের কাছে বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে রবিবার নতুন নিম্নচাপ তৈরি করেছে। আগামী ১৯ অগস্ট সকালে সেটি দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে পৌঁছাবে। যদিও এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না, তবে বেশ কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাত চলবে।
সোমবার থেকেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং আবারও দুই ২৪ পরগনায়।
আরও পড়ুনঃ CU Hostel Security: রাতের অন্ধকারে হস্টেল কক্ষে অনধিকার প্রবেশ, ছাত্রীকে ধাক্কা মেরে পালাল যুবক, পুলিশের দ্বারস্থ শিক্ষার্থীরা!
উত্তরবঙ্গেও বৃষ্টি থামবে না। সোমবার উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হবে। জলপাইগুড়ি ও মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি থেকে আলিপুরদুয়ার ও কালিম্পংয়েও ভারী বর্ষণ হবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অন্তত শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বলে সতর্কতা জারি হয়েছে। এদিকে, কলকাতার সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস।





