ডুরান্ডে ডার্বি দখল ইস্টবেঙ্গলের, মোহনবাগানকে হারিয়ে সেমিফাইনালে লাল-হলুদ! নায়ক দিমি

দেড় বছর পর আবার বড়দের ডার্বিতে হাসি ফুটল লাল-হলুদ শিবিরে। রবিবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারাল মোহনবাগানকে ইস্টবেঙ্গল। জোড়া গোল করলেন গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামানতাকোস। জয় পেয়ে সরাসরি সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল, যেখানে তাদের প্রতিপক্ষ বাংলারই দল ডায়মন্ড হারবার।

ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গল নিজেদের ছন্দে ছিল। মাঝমাঠে মহেশ, সাউল ক্রেসপো, মিগুয়েল একসঙ্গে ছোট ছোট পাসে খেলতে খেলতেই মোহনবাগানের রক্ষণ ভেঙে দিচ্ছিলেন। তার বিপরীতে আপুইয়া, থাপা আর সাহালদের মধ্যে বোঝাপড়ার অভাব স্পষ্ট ছিল। ফলে প্রথম ২০ মিনিট পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছিল লাল-হলুদ। যদিও গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৫ মিনিট পর্যন্ত। বিপিন সিংহকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল, সেটি ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন দিয়ামানতাকোস।

দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নামেন জেসন কামিংস, কিন্তু গোল পাওয়া যায়নি। বরং ৫২ মিনিটে দারুণ আক্রমণ থেকে আলবের্তো রদ্রিগেজের পাস ধরে নিজের দ্বিতীয় গোল করেন দিয়ামানতাকোস। ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল ইস্টবেঙ্গল। তবু হাল ছাড়েনি মোহনবাগান। ৬৮ মিনিটে অনিরুদ্ধ থাপার শটে একটি গোল শোধ দেয় তারা। এর পরও আরও কয়েকবার গোল করার সুযোগ পেয়েছিল বাগান, কিন্তু ইস্টবেঙ্গলের রক্ষণভাগ, বিশেষ করে কেভিন সিবিলে, গোললাইন থেকে বল সেভ করে দলকে বাঁচান।

আরও পড়ুনঃ CU Hostel Security: রাতের অন্ধকারে হস্টেল কক্ষে অনধিকার প্রবেশ, ছাত্রীকে ধাক্কা মেরে পালাল যুবক, পুলিশের দ্বারস্থ শিক্ষার্থীরা!

শেষ দিকে উত্তেজনা চরমে ওঠে। দুই দলের ফুটবলারের মধ্যে ধাক্কাধাক্কি, তর্কাতর্কি হলেও খেলার ফল আর বদলায়নি। আক্রমণ সংগঠিত করতে ব্যর্থ হয় মোহনবাগান। সুযোগ নষ্টের খেসারত দিতে হয় তাদেরই।

শেষ বাঁশি বাজতেই মাঠে উল্লাসে ফেটে পড়েন ইস্টবেঙ্গল সমর্থকেরা। দীর্ঘ দেড় বছর পর ডার্বির স্বাদ পেল লাল-হলুদ, আর নায়ক হয়ে থাকলেন দিয়ামানতাকোসের জোড়া গোল। এই জয়ের পর নতুন করে আত্মবিশ্বাস নিয়ে ডুরান্ড সেমিফাইনালে নামবে অস্কার ব্রুজোর দল।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles