সামনেই কালীপুজো, ভাইফোঁটা। এরপরই শীতের আগমন হওয়া উচিত বাংলায়। কিন্তু শীতের আগে কী ফের বৃষ্টির জেরে একপ্রস্থ ভিজবে বাংলা? গত সপ্তাহে ঘূর্ণিঝড় ‘দানা’র জেরে বেশ বৃষ্টি হয়েছে রাজ্যে। সেই কারণে কালীপুজোয় বৃষ্টির আশঙ্কা করছে বঙ্গবাসী।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকায় একটি উচ্চচাপ ঘনীভূত হয়েছে। আবার দক্ষিণ-পশ্চিম আরব সাগরেও রয়েছে একটি উচ্চচাপ। আর এর জেরে দক্ষিণবঙ্গে কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিবণঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এরপর থেকে ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হতে শুরু ক্রনে। কালীপুজো, দীপাবলিতে স্থানিয়ভাবে কোনও কোনও জায়গায় সামান্য হালকা বৃষ্টি হলেও কোনও দুর্যোগ বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত। আর ভাইফোঁটা থেকেই আকাশ হবে পরিষ্কার। এরপর আর বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে ফলে কমবে আর্দ্রতাজনিত আবহাওয়া ও বাড়বে শুষ্কতা।
তবে কালীপুজোর আগে আবার উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কালিম্পং, দার্জিলিং, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে দুই দিনাজপুর, মালদহ, জলপাইগুড়িতে শুষ্ক আবহাওয়া বিরাজ করা শুরু হবে।
আজ, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৬ থেকে ৯৬ শতাংশ।





