কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী মোদীর সমাবেশে ৭ মার্চ মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দিয়েছিলেন বাংলার ছেলে মিঠুন। পশ্চিমবঙ্গে ২১ এর বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি শেষ বারের মতো ১৩ জন প্রার্থীর আরও একটি তালিকা প্রকাশ করেছিল। তাতেই পরিষ্কার হয়ে যায় যে, বিজেপিতে যোগ দেওয়া বলিউড তারকা মিঠুন চক্রবর্তী বিজেপির প্রার্থী হচ্ছেন না। ফলে প্রচারেই দেখা যাচ্ছে ‘মহাগুরু’-কে। গত ২৫ মার্চ থেকে বিজেপির হয়ে প্রচার অভিযান শুরু করেছিলেন তিনি।
এদিন ফের ইন্দাস, চন্দ্রকোনা, কেশপুর থেকে ডেবরায় রোড শো করেন মিঠুন। নিজের প্রার্থী হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে মহাগুরু বলেন, “প্রার্থী হলেই আমি স্বার্থপর হয়ে যাব।” এর আগে প্রচারে তিনি বলেছিলেন, “তোমাদের এই ভালোবাসার কথা আমি সবসময়ই বলি। বাংলার মানুষের সঙ্গে আমার হিরো আর ভক্তের সম্পর্ক নয়। আমাদের মধ্যে আত্মার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক। বাংলার সব গরিব মানুষের জন্য লড়তে এসেছি।”
মহাগুরুকে দেখতে জনসমাগম হয়েছিল প্রচুর। মানুষের মধ্যে চোখে পড়ে উৎসাহও। সেই সঙ্গে মিঠুন আরও বলেন, “এই দলটাই গরিবের জন্য ভাবে। এবার বাংলাতে আদতেই পরিবর্তন হবে। এতদিনে কোনও পরিবর্তন হয়নি বাংলায়। কিন্তু এবার হবে। সোনার বাংলা হবে, ৬ মাসের মধ্যে বাংলার উন্নতি হবে। দফার ভোট দেখেই বোঝা যাচ্ছে সরকার বদলাচ্ছে।”





