নির্লজ্জ! চারটে যুদ্ধে হেরেও সন্ত্রাস ছড়িয়ে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তান, ইসলামাবাদকে তোপ রাজনাথ সিংয়ের

চার-চারটে যুদ্ধে হেরেও শিক্ষা নেই। এখন‌ও সন্ত্রাস ছড়িয়ে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। টানা সীমান্তে ঘটিয়ে চলেছে একের পর এক অঘটন।
আজ শনিবার ভারতীয় বায়ুসেনার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবেই পাকিস্তানের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
আজ, হায়দরাবাদের ‘এয়ারফোর্স অ্যাকাডেমি’-তে ওই অনুষ্ঠানে এমনই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় রাজনাথ সিংকে।
নিজের বক্তব্যে তিনি বলেন, “দেশের পশ্চিমে আমাদের প্রতিবেশী পাকিস্তান সীমান্তে দুষ্কর্ম ঘটিয়েই চলেছে। চারটে যুদ্ধে হেরেও তারা লাগাতার ছায়াযুদ্ধ চালাচ্ছে সন্ত্রাসের মাধ্যমে। আমাদের নিরাপত্তা বাহিনী যেভাবে তাদের সব চক্রান্ত ব্যর্থ করে দিচ্ছে সেজন্য আমি তাদের অভিনন্দন জানাতে চাই।”
তবে শুধুমাত্র পড়শী পাকিস্তান‌ই নয়, আজকের অনুষ্ঠানে আর‌ও এক শত্রু প্রতিবেশী দেশ চীনকেও নিশানা করেন, রাজনাথ। বলেন, ‘
“আপনারা জানেন উত্তর সীমান্তে হওয়া সংঘর্ষের কথা। করোনার সময়ে চীনের ওই কাণ্ড থেকে ওদের মনোভাব বোঝা গিয়েছে। তবে আমরাও দেখিয়ে দিয়েছি আমরা কী করতে পারি।”
একইসঙ্গে ভারত যে দুই প্রতিবেশী দেশের সঙ্গে কোন‌ও রকমের যুদ্ধ চায় না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।
জানিয়েছেন যুদ্ধ নয় আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানই তাঁদের লক্ষ্য।
রাজনাথ সিংয়ের কথায়, “আমরা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চাই। যুদ্ধ নয়, শান্তি চাই। কিন্তু তা বলে দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপস কোনও ভাবেই নয়। যে কোনও পরিস্থিতির জন্যই প্রস্তুত আমরা।”

RELATED Articles