Bangladesh : নতুন টাকায় নেই মুজিব, শুধু ধর্মীয় স্থাপত্য! ইউনুস সরকারের সিদ্ধান্তে বিতর্ক তুঙ্গে!

বাংলাদেশে সদ্য প্রকাশিত নতুন কাগজের নোট ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ২০, ৫০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন বদলে ফেলার পরই দেশজুড়ে নানা প্রশ্ন উঠছে। দেখা যাচ্ছে, এই নোটে আর কোনও ব্যক্তির ছবি রাখা হয়নি। বদলে জায়গা করে নিয়েছে দেশের স্থাপত্য, ঐতিহাসিক স্থান ও প্রাকৃতিক দৃশ্য। অনেকেই মনে করছেন, এমন পরিবর্তনের নেপথ্যে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য।

নতুন নোটে ২০ টাকায় হিন্দু মন্দির, ৫০ টাকায় মুসলিম স্থাপত্য ও ১০০০ টাকায় বৌদ্ধ মন্দিরের ছবি দেখা গিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও ধাপে ধাপে অন্যান্য নোটের ডিজাইনেও পরিবর্তন আনা হবে। সরকারি তরফে দাবি, এতে দেশের বৈচিত্র্য ও ঐতিহ্যকে তুলে ধরা হচ্ছে। তবে বিশ্লেষকদের একাংশ বলছেন, ধর্মীয় অনুষঙ্গের এত বেশি ব্যবহার আপাতদৃষ্টিতে নিরপেক্ষ মনে হলেও এর গভীরে রয়েছে রাজনৈতিক বার্তা।

নোট থেকে ব্যক্তির ছবি বাদ যাওয়ায় দেশের এক বড় অংশের মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের বক্তব্য, যে ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার রূপকার, তাঁর ছবি হঠাৎ সরিয়ে দেওয়ার মধ্যে কোনও রাজনৈতিক বা আদর্শগত চক্রান্ত রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ। কেউ কেউ একে ‘ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা’ বলে ব্যাখ্যা করছেন।

গত বছর দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের পর থেকেই একাধিক ঐতিহাসিক স্মৃতি মুছে ফেলার অভিযোগ উঠেছে। এমনকি মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন স্থাপত্যের নাম পরিবর্তন ও ভাঙচুর নিয়েও বিতর্ক হয়েছে। সেই প্রেক্ষিতে নতুন টাকার ডিজাইনকে অনেকেই ঐতিহাসিক ধারাবাহিকতা থেকে সরে যাওয়ার প্রক্রিয়া বলে মনে করছেন। যদিও সরকারপক্ষ থেকে এমন কোনও বক্তব্য প্রকাশ্যে আনা হয়নি।

আরও পড়ুনঃ Sharmistha Panoli Arrest Controversy : এবার শর্মিষ্ঠা ইস্যুতে মুখ খুললেন বার কাউন্সিল প্রধান, নড়েচড়ে বসল রাজনৈতিক মহল!

সবথেকে বেশি আলোচনার কেন্দ্রে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া। স্বাধীনতার পর থেকে টাকায় তাঁর ছবি থাকা ছিল এক ঐতিহাসিক ধারা। তবে রাজনৈতিক পালাবদলের পর উপদেষ্টা সরকারের অধীনে সেই ধারায় ছেদ পড়েছে। সূত্রের খবর, একাধিক মৌলবাদী গোষ্ঠী দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছিল। জনমত বলছে, সরকারের এই পদক্ষেপ মৌলবাদীদের চাপের কাছে নতিস্বীকার করার ইঙ্গিত দিচ্ছে। এতে একদিকে যেমন প্রশ্ন উঠেছে দেশের রাজনৈতিক স্বাধীনতা নিয়ে, অন্যদিকে ইতিহাস বিকৃতির আশঙ্কাও জোরালো হয়েছে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles