ফের গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল, ফের একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল নেতা

আজ সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। এই মর্মে তাঁকে তৃতীয়বার নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এতে উল্লেখ করা ছিল যে আজ, সোমবার বেলা ১১টা নাগদ সশরীরে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে তাঁকে। গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যই এই তলব। কিন্তু ফের একবার হাজিরা এড়িয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

হাজিরা দেওয়ার সময়ের ঠিক আগেই হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে অনুব্রত আবেদন জানান যাতে তাঁকে কলকাতার সিবিআই দফতরে গিয়ে হাজিরা না দিতে হয়।

সূত্রের খবর অনুযায়ী, বিকেলের মধ্যেই সিবিআইকে চিঠি দেবেন তৃণমূল নেতা। ওয়াকিবহাল মহলের মতে, সিবিআইয়ের হাতে গ্রেফতারির আশঙ্কা থেকেই বারবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন অনুব্রত। আগামী বুধবার এই মামলার শুনানি রয়েছে।

এই নিয়ে তৃতীয়বার তাঁকে সিবিআইয়ের তরফে নোটিশ পাঠানো হয়। এর আগেও দু’বার তাঁকে সিবিআই তলব করলে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে তা এড়িয়ে যান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তিনি আবেদন জানান যে তাঁকে কলকাতায় তলব না করে যাতে বোলপুর বা এর সংলগ্ন অর্থাৎ তাঁর বাড়ির কাছাকাছি কোনও জায়গায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তবে তা মানতে চায়নি সিবিআই। তাদের পাল্টা যুক্তি, অনুব্রত তো চিকিৎসার জন্য কলকাতায় আসা-যাওয়া করছেনই, তাহকে নিজাম প্যালেসে হাজিরা দিতে তাঁর অসুবিধা কোথায়?

সিবিআই নোটিশ বাতিলের দাবী জানিয়ে এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে আবেদন জানান অনুব্রত মণ্ডল। এই মামলাটি আদালতে বিচারাধীন, তাই এর মধ্যে তিনি আদালতে হাজিরা দেবেন না বলে জানান তিনি। আগামী বুধবার এই মামলার শুনানি রয়েছে। তাঁর এই আবেদনে এবার হাইকোর্ট কী রায় দেয়, এখন সেটাই দেখার।a

RELATED Articles