দেশজুড়ে নান চীনা সামগ্রী বয়কট করার ডাক উঠেছে। আর এর জেরে বেশ ফাঁপরে পড়েছে চীন। শুধুমাত্র দীপাবলিতে প্রায় ৫০০০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে পারে চীনা রফতানিকারীরা। এমনটাই ইঙ্গিত দেওয়া হল ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেন্ডার্স বা সিএআইটিয়ের তরফে।
এই ব্যবসায়ী সংগঠনের মতে, চলতি বছরে দীপাবলির কেনাকাটার সময় গ্রাহকরা দু লক্ষ কোটি টাকা খরচ করতে পারেন। সিএআইটিয়ের তরফে বলা হয়েছে, “গত বছরের মতো এবারও চীনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছে সিএআইটি। ভারতীয় ব্যবসায়ীরা চীনা দ্রব্যে আমদানি বন্ধ করে দেওয়ায় ৫০,০০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়বে চীন”।
সিএআইটিয়ের সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেয়াল জানিয়েছেন যে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেন্ডার্সের একটি গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি দেশের ২০টি শহরে একটি সমীক্ষা চালিয়েছে। এই ২০টি শহরে বাজি-সহ দীপাবলির নানান সামগ্রী বণ্টন করা হয়।
এই সমীক্ষায় দেখা গিয়েছে যে ভারতীয় ব্যবসায়ী বা আমদানিকারীররা এখনও পর্যন্ত চীনের থেকে বাজি-সহ দীপাবলির কোনও সামগ্রীর বরাত দেননি। জানা গিয়েছে, যে শহরগুলিতে এই সমীক্ষা চালানো হয়েছিল, সেগুলি হল -নয়াদিল্লি, আমদাবাদ, মুম্বই, নাগপুর, লখনউ, জয়পুর, চণ্ডীগড়, রায়পুর, ভুবনেশ্বর, কলকাতা, রাঁচি, গুয়াহাটি, পাটনা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মাদুরাই, পুদুচেরি, ভোপাল এবং জম্মু।





