খড়দহে ধরা পড়ল ভুয়ো ভোটার, হাতেনাতে পাকড়াও করলেন বিজেপি প্রার্থী জয় সাহা

খড়দহ উপনির্বাচন নিয়ে ফের নতুন করে উত্তেজনা। খড়দহের শশীভূষণ জুনিয়র বেসিক স্কুল থেকে ধরা পড়ল ভুয়ো ভোটার। তাকে হাতেনাতে পাকড়াও করলেন বিজেপি প্রার্থী জয় সাহা। বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা বাঁধে তার। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

আজ আসন ধরে রাখার লড়াই শাসক-বিরোধীর মধ্যে। আজ, শনিবার উপনির্বাচন চলছে খড়দহ, শান্তিপুর, গোসাবা, ও দিনহাটাতে। এর মধ্যে একুশের  নির্বাচনে শান্তিপুর ও দিনহাটা থেকে জিতেছিল বিজেপি। এই কারণে আসন ধরে রাখতে চলছে জোর টক্কর।

খড়দহ কেন্দ্র তৃণমূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী কাজল সিনহা। কিন্তু ভোটের ফলাফল প্রকাশের আগেই মৃত্যু হয় তাঁর। উপনির্বাচনে সেই আসন থেকেই লড়ছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

এদিন খড়দহ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে, বিজেপি প্রার্থী জয় সাহাকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ভোটপর্ব শুরু হতেও খড়দহের যুগবেড়িয়া ১৯৪ নম্বর বুথে জয় সাহাকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়।

অন্যদিকে গোসাবা থেকেও জিত হয়েছিল তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্করের। তবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এই কারণে উপনির্বাচন হচ্ছে সেই কেন্দ্রে।

অন্যদিকে দিনহাটা কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ও শান্তিপুর কেন্দ্র থেকে জিত হয় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের। কিন্তু তারা দুজনেই বিধায়ক পদ ত্যাগ করায় ওই দুই কেন্দ্রেও হচ্ছে উপনির্বাচন।

RELATED Articles