ভারতের কাছ থেকে যোগ্য জবাব পেয়েছে চীন। পা হড়কে বেসামাল হয়েছে ভারতের বিরুদ্ধে চীনের (China) আগ্রাসী নীতির। মার্কিন সংবাদপত্র ‘নিউজ উইক’ (News Week)-এর প্রতিবেদনে এমনতর দাবিই করা হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই (PTI) ওই মার্কিন (USA) সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছে, চীনা সেনার (PLA) এই ব্যর্থতা মেনে নিতে পারেনি স্বয়ং চীনের সর্বেসর্বা শি জিনপিং (Xi Jinping)।মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট চীনা প্রেসিডেন্ট জিনপিংকে আগ্রাসী মনোভাবের মূল কারিগর হিসেবে চিহ্নিত করা হয়েছে। বলা হয়েছে, “ভারতের বিরুদ্ধে চীনের আগ্রাসী মনোভাবের মূল কারিগর শি জিনপিং। দুর্ভাগ্যবশত তিনি ও তাঁর সেনা ভারতের কাছে মুখ থুবড়ে পড়েছে।”
আশঙ্কা প্রকাশ করা হয়েছে এর ফলে ভারতের বিরুদ্ধে বেজিং ফের একবার প্ররোচনামূলক আচরণ করতে পারে। করোনা আবহে গত ১৫ই জুন গালওয়ান উপত্যকায় (Galwan valley) সংঘর্ষে লিপ্ত হয় ভারত ও চীন উভয় দেশের সেনারা। ভারতের তরফে শহীদ হন ২০ জন জওয়ান।
বেজিংয়ের তরফে সরকারিভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে মার্কিন সংবাদপত্রে দাবি করা হয়েছে, ওই সংঘর্ষে চীনের ৬০ জন সেনার মৃত্যু হয়েছিল। ভারতের থেকে চীনা সেনার মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায় তা প্রকাশ করতে পারেনি লালফৌজ। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৫০ বছরের মধ্যে গত মাসে প্রথমবার চীনের বিরুদ্ধে ‘আগ্রাসী’ মনোভাব দেখায় ভারত।






