করোনার ভারতীয় স্ট্রেন ও ব্রিটিশ স্ট্রেন নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে গোটা বিশ্বে। বিশেষজ্ঞদের মতে, এই দুই স্ট্রেনের উপর সব করোনার টিকা কার্যকরী নয়। শুধু তাই-ই নয়, কিছুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও দাবী করে যে করোনার ভারতীয় স্ট্রেনের উপর ফাইজার বা মর্ডানার টিকা কার্যকর নয়। তবে এবার এই আশঙ্কায় আশার আলো দেখাচ্ছে ভারত বায়োটেকের তৈরি কো-ভ্যাকসিন।
ভারত বায়োটেকের দাবী, ব্রিটেনের B.1.1.7 এবং ভারতের B.1.617 করোনা স্ট্রেনের উপর কার্যকরী কো-ভ্যাক্সিন। এদিন ভারত বায়োটেকের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এল্লা একটি টুইট শেয়ার করেন। এতে কো-ভ্যাক্সিনের উপর অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের দ্বারা প্রকাশিত ‘ক্লিনিক্যাল ইনফেকশাস জার্নাল’-এর একটি প্রতিবেদন শেয়ার করেন তিনি। সেই গবেষণা পত্র অনুযায়ী, কো-ভ্যাক্সিন ব্রিটেনের B.1.1.7 এবং ভারতের B.1.617 করোনা স্ট্রেনকে রুখে দিতে একেবারে সক্ষম।
এর আগেও আমেরিকার হোয়াইট হাউজের চিফ মেডিক্যাল অফিসার অ্যান্থনি ফাউসিও দাবী করেছিলেন যে কো-ভ্যাকসিন B.1.617 ভ্যারিয়ান্ট বা ভারতের ‘ডাবল মিউট্যান্ট স্ট্রেন’-কে প্রতিরোধ করতে সক্ষম। শুধু তাই নয়, তিনি আরও দাবী করেছিলেন যে, কো-ভ্যাক্সিন 617 ভ্যারিয়েন্টকে রুখতে সম্পূর্ণ কার্যকরী।
প্রসঙ্গত, ভারত বায়োটেকের এই টিকা তৈরি হয়েছে মৃত করোনা ভাইরাস দিয়ে। এর ফলে মানব শরীরে থাকা করোনা ভাইরাসকে চিহ্নিত করে শরীরে প্রতিরক্ষা গড়ে তোলে কো-ভ্যাকসিন। ল্যানসেটের মতে, এই কো-ভ্যাকসিন দু’ধরণের বুস্টার ব্যবহার করে, এর ফলে অন্যান্য টিকার পরিবর্তে কো-ভ্যাকসিন অনেক বেশি কার্যকর।





