ফের একবার ভারতের প্রশংসা করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের বিদেশনীতি নিয়েই প্রশংসা করতে শোনা গেল তাঁকে। এর পাশাপাশি, পাকিস্তানের মন্ত্রিসভা ভেঙে সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের ডাক দিলেন ইমরান।
গতকাল, বৃ্হস্পতিবার রাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে পাকিস্তান তেহরিক ই ইনসাফ সভায় উপস্থিত ছিলেন ইমরান খান। সেখানেই তিনি বলেন, “ভারত সরকারের বিদেশনীতির বৈশিষ্ট্য হল যে তারা অন্যান্য দেশের সুবিধার আগে নিজের জনগনের জন্য চিন্তা করে”।
বলে রাখি মাস কয়েক আগে পাকিস্তানের ন্যাশানাল অ্যাসেম্বলিতে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা। আর সেই সময়েও ভারতের বিদেশনীতির নিয়ে মুখ খুলেছিলেন ইমরান খান।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে কার্যত গোটা বিশ্বে। এমন সময় ভারত রাশিয়ার থেকে তেল কেনার বিষয় নিয়ে ইমরান বলেন, “বিশ্বের কোনও শক্তি ভারতকে তার স্বার্থের বিরুদ্ধে কিছু করতে বাধ্য করতে পারে না। কেউ ভারতকে নির্দেশ দিতে পারে না। আমেরিকা এবং তার পশ্চিমী মিত্রেরা পাকিস্তান সরকারকে যা বলছেন, তারা ভারতকে তা বলতে পারবেন না। ভারত একটি সার্বভৌম দেশ বলেই কেউ তাকে বাধ্য করতে পারে না”।
শুধু তাই-ই নয়, নবনির্বাচিত পাক সরকার ভেঙে ফেলার ডাকও দেন এদিন ইমরান। সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের প্রস্তাব দিয়ে ইমরান বলেন, “আমরা কখনওই আমদানি করা সরকারকে মেনে নেব না। ভুল শোধরানোর একটাই উপায় আছে, তা হল অবিলম্বে ভোট”।
এই পাশাপাশি এদিনব পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান মুসলিম লিগ, বালুচিস্তান আওয়ামি পার্টি, মুত্তাহিদা মজলিশ ই আমল, জামহুরি আওয়ামি পার্টিকে ফেলে দেওয়ার দাবীও শোনা যায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর গলায়।





