ভরা বাজারে ‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়ি থেকে চলল গুলি, কেঁপে উঠল সোনারপুর, দুষ্কৃতীদের তাণ্ডবে চরম আতঙ্কে এলাকাবাসী

ফের গুলি, ফের একবার কেঁপে উঠল গোটা এলাকা। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগণা জেলার সোনারপুর। সোনারপুর থানা থেকে মাত্র ঢিল ছোঁড়া দূরত্বে অভিনব কায়দায় এসে গুলি করে পালায় দুষ্কৃতীরা। পুলিশের স্টিকার লাগানো গাড়ি করেই দুষ্কৃতীরা এসেছিল বলে খবর। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

স্থানীয় সূত্রে খবর অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার রাতে সোনারপুর থানার ঢিল ছোড়া দূরত্বে হঠাৎই শোনা যায় গুলি চলার শব্দ। সোনারপুর উড়ালপুলের নীচে এই গুলির শব্দে চমকে যায় সকলেই।

জানা গিয়েছে, গোপাল নামে এক ব্যক্তি ওই সেতুর তলায় মাছের আড়তের কাছে আসে। এর ঠিক পরেই রয়েছে সোনারপুর পুলিশ স্টেশন। গোপালের গাড়িতে পুলিশ স্টিকার লাগানো ছিল বলে জানা গিয়েছে। মাছের আড়তে এসে হুমকি দেয় গোপাল। এরপরই বন্দুক হাতে শূন্যে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় সে।

কিন্তু কেন হঠাৎ গুলি চালাল গোপাল?

সূত্রের খবর, ওই মাছের আড়তের একজনের সঙ্গে লেনদেন দিয়ে সমস্যা হয়েছিল গোপালের। গতকাল রাতে ওই ব্যক্তি ওই মাছের আড়তে থাকবে বলে খবর পায় গোপাল। এই কারণে ওখানে যায় সে। পুলিশ স্টিকার লাগানো গাড়ি নিয়ে গেলে কেউ সন্দেহ করবে না আর পালানোও সহজ হবে বলে এই কাজ করে সে।

কিন্তু মাছের আড়তে গিয়ে সেই ব্যক্তিকে দেখতে পায় নি গোপাল। তিনি সেখানে ছিলেন না বলে জানতে পারে সে। এই কারণে এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য শূন্যে গুলি চালিয়ে পালায় গোপাল।

ভরা বাজারে এই গুলি চালানো হয়েছে বলে জানায় পুলিশ। কে বা কারা সেখানে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। গোপালের খোঁজ শুরু করেছে পুলিশ। আর ‘পুলিশ স্টিকার লাগানো গাড়িটিরও খোঁজ চলছে। ওই এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর।

RELATED Articles