গতকালই আফগানিস্তান থেকে প্রায় ৪০০ জন ভারতে ফিরেছে। কাবুলে আটকে থাকা মানুষকে ফেরানো হয়েছে। এদের মধ্যে অধিকাংশ ভারতীয় হলেও এদের মধ্যেই রয়েছেন অনেক আফগানও। রয়েছে একাধিক শিশুও।
এই শিশুদের মধ্যেই একজনের নাকি পাসপোর্ট ছিল না। কিন্তু মানবিকতার খাতিরে কোনও সরকারি নথি ছাড়াই শরণার্থী হিসেবে সেই শিশুকে ভারতে নিয়ে এল ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান। শুধু তাই-ই নয়, আফগানিস্তানে আটকে থাকা দুই নেপালিকেও ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে করে নিয়ে আসা হয়েছে।
কেন্দ্রের তরফে ভারতে ফেরত আসা সকলের করোনা পরীক্ষা করানো হয়। এছাড়াও, স্বাস্থ্য মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে যে আফগান থেকে ফেরত আসা সব শিশুকে বিনামূল্যে পোলিও টিকা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।
গতকাল গাজিয়াবাদের হিন্দনে বায়ুসেনা ঘাঁটিতে কয়েক দফাতে প্রায় ৩০০-এর বেশি মানুষকে কাবুল থেকে ভারতে আনা হয়। ভারতে আসা মানুষদের মধ্যে রয়েছেন আফগান সাংসদ নরেন্দ্র সিং খালসা, সে দেশের সেনেটর আনারকলি কউর প্রমুখ।
এছাড়াও রয়েছেন সাধারণ আফগান মানুষও। ভারতে আসার পর এক আফগান বলেন, “বিগত ২০ বছর ধরে যে সরকার গড়া হয়েছিল, তার সবকিছু শেষ হয়ে গিয়েছে। আফগানিস্তানে এখন সব শূন্য”।
আরও পড়ুন- তালিবান শাসন থেকে মুক্তি, কাবুল থেকে দেশে ফেরানো হল ১৬৮ জন যাত্রীকে, রয়েছে ২৪ জন আফগানও
আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য কাবুল থেকে প্রতিদিন দুটি করে বিমান ওঠানামা করার অনুমতি দেওয়া হয়েছে। আমেরিকা ও ন্যাটোর তরফে তালিবানের কবলে থাকা কাবুল থেকে আটকে পড়া মানুষকে দেশে ফেরানোর জন্য এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আমেরিকা নিরাপত্তা বাহিনীর অধীনেই প্রতিদিন দুটি করে ভারতীয় বিমান ওঠানামা করবে বলে জানা গিয়েছে।





