ভারতে প্রবেশ করতেই সুড়ঙ্গ খুঁড়েছিল পাক জঙ্গিরা৷ এবার সেই সুড়ঙ্গ দিয়েই পাকিস্তানের মধ্যে প্রায় ২০০ মিটার ঢুকে পড়ল ভারতীয় সেনা জওয়ানরা৷ এমনটাই দাবী করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত একটি রিপোর্টে। এই রিপোর্ট অনুযায়ী নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ কর্তার থেকেই এই খবর মিলেছে।
গত ১৯শে নভেম্বর কাশ্মীরের নাগরোটায় ভারতীয় সেনাদের উপর হামলা চালায় পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদের জঙ্গিরা। এই সুড়ঙ্গ পথেই তারা ভারতে প্রবেশ করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। ভারতীয় সেনাদের সঙ্গে ওই জঙ্গিদের হামলায় মৃত্যু হয় চার জঙ্গির। ২৬/১১ মুম্বই হামলার বর্ষপূর্তিতে কাশ্মীরে বড়সড় হামলার ছক কষেছিল ওই জঙ্গিরা।
গত ২২ নভেম্বর জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরে প্রায় দেড়শো মিটার লম্বা একটি সুড়ঙ্গের খোঁজ পায় ভারতীয় সেনা। মৃত জঙ্গিদের কাছে থাকা মোবাইল ফোনের তথ্য দেখেই ওই সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায়।
উক্ত সরকারি কর্তা বলেন, “ওই সুড়ঙ্গ ব্যবহার করে পাকিস্তানের ভিতরে প্রায় ২০০ মিটার পর্যন্ত প্রবেশ করেছিল ভারতীয় সেনা বাহিনী। সেখানেই ওই সুড়ঙ্গের উৎস ছিল। গত সপ্তাহে কাশ্মীরে নিহত জঙ্গিরা এই সুড়ঙ্গটি ব্যবহার করেছিল”।
এর আগে বিএসএফ-এর রেইজিং ডে-র অনুষ্ঠানেও এই সুড়ঙ্গের কথা জানিয়েছিলেন বিএসএফ-এর ডিজি রাকেশ আস্থানা। তবে তিনি এই সুড়ঙ্গ নিয়ে ভারতীয় সেনাবাহিনীর পদক্ষেপের বিষয়ে কোনও কথা বলেননি।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পাক জঙ্গিদের প্রবেশের জন্য নতুন করে এই সুড়ঙ্গটি খোঁড়া হয়েছিল। অত্যন্ত দক্ষতার সঙ্গে এটি তৈরি করা হয়, এও জানা গিয়েছে রিপোর্টে। সুড়ঙ্গের একদিকের মুখ ঝোপঝাড়ে ঢাকা দেওয়া ছিল। সুড়ঙ্গের মধ্যে পাশাপাশি যাতে ধস না নামে তাই বালির বস্তা দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছিল। এই বস্তাগুলির গায়ে করাচির ঠিকানার উল্লেখ মিলেছে বলেও জানা গিয়েছে।





