বুধবার ক্যানবেরাতে তৃতীয় ওয়ানডে ছিল নিয়মরক্ষার ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজ হেরে গিয়েছে ভারতীয় দল। তবুও শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মাঠে নেমেছিলেন কোহলিরা। শেষ ওয়ানডে ম্যাচ ১৩ রানে জিতল ভারত। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট। এদিন ম্যাচে সুযোগ পেয়েছিলেন তরুণ ওপেনার শুভমন গিল এবং অভিষেক করেন সানরাইজার্স হায়দ্রাবাদ খ্যাত পেস বোলার নটরাজন। শুরু ভালো করলেও কাজে লাগাতে না পেরে অ্যাস্টন আগারের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান গিল (৩৯ বলে ৩৩)। শিখর ধাওয়ানও বেশিক্ষণ টিকে ছিলেন না।
এদিন ম্যাচ বিরাট ৭৮ বলে ৬৩ রান করেন। আরও একবার আউট হয়ে যান হ্যাজেলউডের বলে। এই ম্যাচে বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ১২ হাজার রান করার রেকর্ড করলেন। কোহলি তার ২৪২ তম ইনিংসে এই মাইলফলক অর্জন করেছিলেন। এর ফলে সচীন টেন্ডুলকরের রেকর্ডকে স্পর্শ করলেন বিরাট, যিনি তাঁর ৩০০ তম ইনিংসে ১২০০০ রান পূর্ণ করেছিলেন। ১৫২ রানের মাথায় পাঁচ উইকেট পড়ে গেলে দলের ব্যাটিংয়ের হাল ধরেন হার্দিক পাণ্ডিয়া (৭৬ বলে ৯২ অপরাজিত) এবং রবীন্দ্র জাদেজা (৫০ বলে ৬৬ অপরাজিত)।

শেষ সাত ওভারে ৯৩ রান করে এই দুইজন ব্যাটসম্যান ভারতকে ৩০২ রানের স্কোরে পৌঁছে দেয়।রান তাড়া করতে নেমে পঞ্চম ওভারেই অভিষেক বোলার নটরাজনের বলে আউট হয়ে ফিরে যান মার্নাস লাবুশানে (১৩ বলে ৭ রান)। তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার এদিন খেলছিলেন না চোটের কারণে। ফলে ফিঞ্চের সঙ্গে লাবুশানে ওপেন করতে আসে। আগের দুই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা স্টিভ স্মিথ ফর্মে ছিলেন না। ১৫ বলে মাত্র ৭ রান করে শার্দূল ঠাকুরের বলে আউট হয়ে যান তিনি। সিরিজে সুযোগ পেয়েই ভালো বোলিং প্রদর্শন শার্দূলের। যদিও ফিঞ্চ এদিন ম্যাচেও হাফ সেঞ্চুরি করেন (৮২ বলে ৭৫ রান)।
শেষের দিকে দুর্দান্ত ব্যাটিং করেন ফর্মে থাকা গ্লেন ম্যাক্সওয়েল, ৩৮ বলে ৫৯ রান করে প্রায় অসিকে জিতিয়েই দিচ্ছিলেন তিনি। ৪৪.৩ ওভারে বুমারহের ইয়র্কারে ঘায়েল ম্যাক্সওয়েল। তারপর নটরাজন এসে অ্যাস্টন আগারের (২৮ বলে ২৮ রান) উইকেট নিয়ে যায় । ম্যাক্সওয়েল আউট হওয়ার পর আর তেমন আশা ছিল না অসিদের। ফলে শেষ ওয়ানডেতে জয়লাভ ভারতের। এরপর দুই দল মুখোমুখি হবে ৪ ডিসেম্বর টি-২০ সিরিজে।





