হাজারো বিতর্ক সত্ত্বেও বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী দেশ হিসেবে নিজেকে সবার সামনে তুলে ধরেছে রাশিয়া। এমনকি ইতিমধ্যেই পরবর্তী পর্যায়ে করোনার টিকার উৎপাদনের কাজও শুরু করা হয়েছে বলে শনিবার স্বাস্থ্যমন্ত্রককে উদ্ধৃত করে জানাল সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স।
কিন্তু এখনও এই ভ্যাকসিনের সুরক্ষাবিধি এবং কার্যকারিতা নিয়ে বিতর্ক জারি রয়েছে। আমেরিকা, ব্রিটেন-সহ একাধিক দেশের তাবড় তাবড় বিজ্ঞানীরা জানিয়েছেন সঠিকভাবে এই টিকার ট্রায়াল সম্পন্ন হয়নি। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জনস্বার্থের কথা ভেবে এই ভ্যাকসিনের ট্রায়াল প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বলেছিল।
অন্যদিকে এইসব দাবিকে নস্যাৎ করে রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দাবি করেছে বিশ্বের প্রায় ২০টি দেশ তাদের তৈরি ‘Sputnik V’ এর তৃতীয় পর্বের ট্রায়ালের ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে। এদের মধ্যে রয়েছে তুরস্ক, কিউবা, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এবং ভারত।
পাশাপাশি রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো জানিয়েছেন, এ বছরের মধ্যেই তাঁরা সাড়ে ৪ কোটিরও বেশি ডোজ তৈরি করতে সক্ষম। যা দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও শিক্ষকদের প্রথমে দেওয়া হবে। জানা গিয়েছে, চলতি মাসের শেষেই এই প্রতিষেধকের প্রথম ব্যাচ তৈরি হয়ে যাবে।
অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে রাশিয়ার এই দাবি সঠিক নয়। এখনও অবধি রুশকর্তাদের সাথে প্রতিষেধক উৎপাদন ও ট্রায়াল প্রক্রিয়া নিয়ে দু’দেশের মধ্যে সরকারিভাবে কোনও কথাই হয়নি। কারণ যে কোনও ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার থেকে অনুমতির প্রয়োজন হয়। তবে এ ক্ষেত্রে সেরম কিছুই হয়নি।
তবে সম্প্রতি ‘দি ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, Sputnik V-এর সুরক্ষাবিধি ও কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে রুশ বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ রাখছে মস্কোর ভারতীয় দূতাবাস।
প্রসঙ্গত, বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-এর নাম অনুসারে রাশিয়া নিজেদের তৈরি এই প্রতিষেধকেরও নাম রেখেছে Sputnik V।





