ছিল রুমাল, হয়ে গেল বিড়াল! কাজ করতেন সুপারভাইজার পদে, তদন্তে জানা গেল তিনি পাকিস্তানের (Pakistan) আইএসআইয়ের (ISI) এজেন্ট! রাজ্জাক ভাই কুম্ভার নামে ওই ব্যক্তিকে রবিবার গুজরাটের (Gujarat) পশ্চিম কচ্ছ এলাকা থেকে এনআইএ’র (NIA) তদন্তকারীরা গ্রেফতার করেছেন। উত্তর প্রদেশের একটি মামলার তদন্ত করতে গিয়েই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। ধরা পড়েন রাজ্জাক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই বছরের জানুয়ারি মাসের ১৯ তারিখে উত্তরপ্রদেশের চান্দোলি জেলার মোগলসরাই থেকে লখনৌ এর গোমতী নগর থানার পুলিশ মোঃ রশিদ নামে একজন আইএসআই (ISI)) এজেন্ট (Informer) কে গ্রেফতার করেছিল। জেরায় সে জানায় ভারতীয় সেনার (Indian Army) বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই সে আইএসআইয়ের (ISI) হাতে তুলে দিয়েছে। এছাড়া এই সংক্রান্ত বিষয়ে ট্রেনিং নিতে সে পাকিস্তান (Pakistan) থেকে দু’বার ইতিমধ্যেই ঘুরে এসেছে।
তাকে জেরা করেই গুজরাটের মন্ড্রা বন্দরে কর্মরত রাজ্জাক ভাইয়ের খোঁজ মেলে। আইএসআই এর নির্দেশে রাজ্জাক ভাই রিজওয়ান নামে একজনকে ৫০০০ টাকা পাঠিয়েছিল পেটিএম এর মাধ্যমে। আবার রিজওয়ান সেটা মোঃ রশিদ কে দেয় ভারতীয় সেনাবাহিনীর গোপন খবর দেওয়ার জন্য পুরস্কার হিসাবে।
এই খবর থেকেই রাজ্জাক ভাইয়ের খোঁজ পায় তদন্তকারীরা এবং তার বাড়িতে হানা দেওয়া হয়। অভিযান চালিয়ে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে। এর পরেই তাকে গ্রেফতার করা হয়।





