সম্প্রতি শীর্ষ আদালত (Supreme Court) থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে পরীক্ষা না নিয়ে কোনভাবেই চূড়ান্ত বর্ষের (Final Semester) পড়ুয়াদের ডিগ্রী দেওয়া হবে না। সেই ঘোষণা অনুসারে রাজ্য কীভাবে পরীক্ষা নেবে এই নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তবে আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay) এর সঙ্গে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে কাটলো সেই জট। জানা গিয়েছে অক্টোবর মাসের পয়লা তারিখ থেকে ১৮ তারিখের মধ্যে নেওয়া হবে পরীক্ষা। হতে চলেছে ওপেন বুক এক্সাম (Open Book Exam) অর্থাৎ বাড়িতে বসে বই খুলেই পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। পরীক্ষা হবে সম্পূর্ণ অনলাইনে।
আরও পড়ুন : বাড়িতে বসেই ওপেন বুক এক্সাম, সময় মিলবে ২৪ ঘন্টা, ফল প্রকাশ ৩১শে অক্টোবরের মধ্যে, ঘোষণা করলো CU
পরীক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষাদপ্তর নতুন কোনও নির্দেশিকা দেবে না। সমস্ত প্রক্রিয়া ঠিক করতে বিশ্ববিদ্যালয়গুলিকেই পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের ঘোষণার পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন এক সপ্তাহের মধ্যেই রাজ্যে কীভাবে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়া হবে তা স্থির করা হবে। সেই মতই এই পরিকল্পনার রূপরেখা তৈরি করতে সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনলাইন বৈঠক ছিল।
এই বৈঠকে ঠিক হয়, অনলাইনে নেওয়া হবে সমস্ত পরীক্ষা। হোম অ্যাসেসমেন্ট এর ব্যবস্থা থাকবে।অক্টোবর মাসে পরীক্ষা নিয়ে সেই মাসের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। যদি বিশ্ববিদ্যালয়গুলি চায় তবে তারা মৌখিক পরীক্ষার মাধ্যমেও ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।
যারা প্রত্যন্ত এলাকায় থাকেন তাদের ইন্টারনেট অপ্রতুলতার কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শহরের কাছাকাছি কোন সেন্টার তৈরি করা হবে যেখানে তারা এসে অনলাইনে পরীক্ষা দেবেন। ইন্টারনেট এর যাবতীয় খরচ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় দেবে।
এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা ছাড়াই আগের সেমিস্টার এর ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত বর্ষের ফল প্রকাশ করেছিল। ইউজিসি’র (UGC) গাইডলাইন অনুসারে প্রেসিডেন্সি ও পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ফের পরীক্ষা নিতে হবে। সেইসঙ্গে রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয় গুলিকেও পরীক্ষা নিতে হবে।





