গত সোমবার চীনের হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন ভারতের কুড়ি জন সেনা জওয়ান। জানা গিয়েছিল ওইদিন আরো দশজন সেনাকে ধরে নিয়ে গিয়েছিল চীন। তাঁদেরকে গতকাল ছেড়ে দেওয়া হয়। শুক্রবার সকালে খবর আসে যে চীন ও ভারতের মধ্যে কয়েক দফা মধ্যস্থতার পরেই চীন ছেড়ে দেয় এই ১০ জন ভারতীয় সেনাকে। সেই পরিপ্রেক্ষিতেই আজকে একটি বিবৃতি জারি করেছে চীনের বিদেশমন্ত্রক।
চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র শাও লিজিয়ান আজ বলেন, যতদূর আমি জানি আমাদের হেফাজতে আর কোনও ভারতীয় সেনা নেই। যদিও চীনের ক’জন এই সংঘর্ষে মারা গিয়েছেন, সেই প্রশ্ন এড়িয়ে যান তিনি।
তবে চীন রয়েছে চীনেই। তারা ফের একবার দাবি করেছে যে সংঘর্ষের পুরো দায় ভারতের কারণ ভারতই নাকি প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করে চীনকে আক্রমণ করতে এসেছিল তাই নিজেদের সুরক্ষিত রাখার তাগিদে ভারতীয় সেনাবাহিনীর উপর পাল্টা আক্রমণ হানে চীন সেনা।
যদিও ভারত থেকে জওয়ানদের নিরাপত্তার স্বার্থে এই মধ্যস্থতার প্রক্রিয়া নিয়ে বিশেষ উচ্চবাচ্য করা হয়নি।
ভারতে চীনের দ্রব্য বয়কট হতে পারে সেই সম্ভাবনা প্রসঙ্গে মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে, “আশা করা যায় দ্বিপাক্ষিক সম্পর্কে দীর্ঘমেয়াদি উন্নতির কথাটা খেয়াল রাখবে নয়াদিল্লি।”





