আশ্চর্যজনক ভাবে টুইটারে ভারতকে ৭৪ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন নেপালের প্রধানমন্ত্রী কে.পি শর্মা ওলি। বর্তমান সময়ে চীনকে সমর্থন করে এবং ভারতের বিরোধিতা করতে করতে তলানিতে গিয়ে ঠেকেছে নেপাল-ভারত সম্পর্ক। প্রথম ঝামেলার সূত্রপাত হয় ভারতের তিনটি অঞ্চলকে নেপালের বলে দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করাকে ঘিরে। তারপর সীমান্তে ছোটো বড় নানান সমস্যা, রামের জন্মস্থান নিয়ে বিতর্ক, সব মিলিয়ে ক্রমশই খারাপ হয়েছে এই দুই পড়শি দেশের সম্পর্ক। এর মধ্যেই ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে কিছুটা নম্র হল নেপাল। টুইটারে ভারতকে শুভেচ্ছা জানানোর পাশে পাশেই মোদীকে ফোন করেন ওলি।
জানা গেছে, প্রায় দশ মিনিট ধরে এই দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে। সূত্র জানাচ্ছে এটি নেহাতই নেপালের তরফ থেকে একটি সৌজন্যমূলক ফোন ছিল। সেখানে তিনি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান ও বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। কিন্তু যেখানে দুই দেশের মধ্যে সম্পর্ক বেশ খারাপ, সেখানে এই ফোনালাপ মোড় ঘোরায় কিনা, সেটাই দেখার।
নেপালে এই মুহূর্তে ওলির গদি কম্পমান। আর তার জন্যেও তিনি দায়ী করেছেন ভারতকে। সাথে নেপালে করোনা হওয়ার জন্যও তাঁর কথায় দায়ী ভারতীয়রা। সবমিলিয়ে বিভিন্ন কারণে এই সময় উত্তপ্ত দুই দেশের সম্পর্ক। এদিনের ফোনে কথাপোকথন সেই ক্ষতে প্রলেপ দিতে পারে কিনা, এখন সেটাই দেখার।






