কাশ্মীর হোক কিংবা বিরাট কোহলি, ভারতের যা ভাল জিনিস আছে তাই যেন পছন্দ প্রতিবেশী দেশ পাকিস্তানের। বরাবরই এমনটাই হয়ে আসছে। শনিবার গত ১৫ আগস্ট দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। বলা বাহুল্য, প্রতিপক্ষ দেশ পাকিস্তানেও তাঁর ভক্ত সংখ্যা কম নয়। আর এবার পাকিস্তানরা আক্ষেপ করছেন যে ধোনির মতো তাদের দলে একজন দক্ষ উইকেট কিপার ব্যাটসম্যান নেই।
পাক ক্রিকেটার কামরান আকমল বলছেন, ধোনি অনেক বড় ক্যাপ্টেন। ধোনির কথা বলতে গিয়ে তিনি অন্য পাকিস্তান অধিনায়কদের কথাও বলেছেন। তার কথায়, “আমি ইনজামাম উল হক ও ইউনিস খানকে দেখেছিলাম। তাঁরাও এরকম অধিনায়কত্ব করতেন। নিজেদের জায়গা বাঁচানোর জন্য খেলতেন না। ওঁরাও গোটা টিম সঙ্গে নিয়ে চলতেন। ধোনির মতো মানসিকতা আমাদের দেশের এখনকার অধিনায়কদের মধ্যে নেই। পাকিস্তান ধোনির মতো একজন অধিনায়ককে পেল না। আমরা ধোনিকে পেলে অনেক দূর পর্যন্ত এগোতে পারতাম।”
সেই সঙ্গে আকমল আরও যোগ করেছেন, “ধোনির বিদায় সচিন তেন্ডুলকরের মতো হওয়া উচিত ছিল। ধোনি একেবারে ক্যাপ্টেন কুল-এর মতো চুপচাপ অবসর নিয়ে ফেললো। অনেক অধিনায়ক আছে যারা শুধু নিজেদের জায়গা বাঁচাতে চায়। দল হারল কি জিতল তা নিয়ে ক্যাপ্টেন চিন্তায় থাকে না। ধোনিও নিজের জায়গা বাঁচানোর চিন্তা কোনওদিন করেনি। ধোনি গোটা টিম তৈরি করেছিল। তার উপর ওর নিজের পারফরম্যান্স ছিল অসাধারণ। আপনারাই দেখুন যে ধোনি কেমনভাবে নিজের দলের ক্রিকেটারদের বিশ্বমানের করেছেন।”





