কয়েক মাস আগে দেশে যখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টিকটক সহ ৫৯টি অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) বলেছিলেন, টিকটক ব্যান করাটা কেন্দ্রের হঠকারী সিদ্ধান্ত। দেশের যুবসমাজের একটা বড় অংশ এবার থেকে বেকার হয়ে পড়বেন এবং নোটবন্দির মতোই এই পদক্ষেপও এক রাতের মধ্যেই মানুষকে বিপদে ফেলবে।
ফের একবার দেশে বেকারত্বের হার নিয়ে মোদীকে নজিরবিহীন কটাক্ষ করলেন সাংসদ অভিনেত্রী নুসরত। তাঁর দাবি, “যুবপ্রজন্মকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন মোদী!” তিনি প্রশ্ন তুলেছেন যে যুব প্রজন্মের জন্য কী করছেন নরেন্দ্র মোদী? ওদের ভবিষ্যতের জন্য কি শুধু বেকারত্বই রাখা হয়েছে? দেশের তরুণ প্রজন্মের নারী বুঝতে আপনি ব্যর্থ,ওদেরকে আপনি অন্ধকার ভবিষ্যৎ এর দিকে ঠেলে দিতে বাধ্য করছেন! এই ঘটনা সত্যিই লজ্জাজনক! ঠিক এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য স্তরের এই সাম্প্রতিক মুখপাত্র।
দেশজুড়ে চলা পাঁচ মাস ধরে লকডাউনে অর্থনৈতিক পরিকাঠামো প্রায় ভেঙে গিয়েছে। বহু মানুষ কাজ হারিয়েছেন, যাদের কাজ রয়েছে তাদের বেতনও কম করে দেওয়া হয়েছে। ব্যবসা-বাণিজ্যও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। রোজগারহীন যুবক-যুবতীদের হন্যে হয়ে ঘুরতে হচ্ছে নতুন কাজ পাওয়ার আশায়।
উচ্চশিক্ষিত যুবক-যুবতীরা কাজ খুইয়ে রাস্তায় ফল বেচতে বসেছেন এরকমটাও খবরে এসেছে। সম্প্রতি দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এই দুই সংস্থার এক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই সমীক্ষায় দেখা যাচ্ছে যে যুব প্রজন্মের প্রায় ৪১ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন। যদিও গোটা বিশ্বের অন্যান্য দেশেও কমবেশি একই অবস্থা। তবুও দেশের যুব প্রজন্মের এই দুর্দশা অত্যন্ত চিন্তিত করে তুলেছে নুসরতকে!
তাই সোশ্যাল মিডিয়ায় তিনি মোদীকে আক্রমণ করতে নেমে পড়েছেন।#NoJobsInMODIfiedIndia হ্যাশট্যাগ দিয়ে লম্বা-চওড়া ভাষায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ জানিয়েছেন এই অভিনেত্রী।






