৭৬ তম জন্মদিনে রাজীব স্মরণে মোদী! বাবার সুদূরপ্রসারী চিন্তাভাবনার প্রশংসায় রাহুল!

তিক্ততা ভুললেন বর্তমান প্রধানমন্ত্রী। প্রাক্তন রাজীব গান্ধীকে জন্মদিনে স্মরণ করলেন তিনি।বাবার জন্মদিনে স্মরণ করে কংগ্রেস নেতা তথা রাজীব পুত্র রাহুল বললেন, বাবা হিসেবে এমন একজন ব্যক্তিত্বকে পেয়ে তিনি সত‍্যিই গর্বিত। এক‌ই সঙ্গে ইন্দিরা পুত্রের সুদূরপ্রসারী চিন্তাভাবনার প্রশংসা শোনা গেল রাহুল সহ কংগ্রেসের সব স্তরের নেতার গলাতেই।

নিজের টুইটার হ্যান্ডেল থেকে করা একটি সংক্ষিপ্ত টুইটে রাজীবকে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, “জন্মবার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানাই।” নেহাতই সৌজন্যমূলক হলেও মোদির এই টুইট বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, বছর দেড়েক আগে লোকসভা নির্বাচনের সময় রাজীবকে ব্যক্তিগত স্তর পর্যন্ত আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রীকে ‘এক নম্বরের দুর্নীতিবাজ’ বলেও কটাক্ষ উড়ে এসেছিল তাঁর পক্ষ থেকে। অভিযোগ করেছিলেন, ভারতীয় নৌসেনার রণতরী আইএনএস বিরাটে চড়ে সপরিবারে লাক্ষাদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন রাজীব গান্ধী৷ গত বছরের নির্বাচনে সেটাই বড় ইস্যু হয়ে যায়। যদিও নরেন্দ্র মোদীর এই দাবি উড়িয়ে দেন তৎকালীন নৌসেনার একাধিক শীর্ষ আধিকারিক। সেসব ভুলে মোদির এই রাজীব স্মরণ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

https://twitter.com/RahulGandhi/status/1296265574759055360?s=20

অন্যদিকে বাবার জন্মবার্ষিকীতে আবেগপ্রবণ হয়ে টুইট করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নিজের টুইটে তিনি জানান,”রাজীব গান্ধী একজন সুদূরপ্রসারী চিন্তাভাবনার মানুষ ছিলেন। নিজের সময়ের থেকে অনেকটা এগিয়ে ভাবতেন। তবে সব কিছুর উপরে তিনি একজন যত্নবান এবং মানবিক মানুষ ছিলেন। আমি অত্যন্ত ভাগ্যবান এবং গর্বিত এমন একজন মানুষকে বাবা হিসেবে পেয়ে। আমরা প্রতিনিয়ত তাঁর অভাব বোধ করি।”

আরও অন্যান্য খবর