পাক-অধিকৃত কাশ্মীরের মানুষ শীঘ্রই ভারতে থাকার দাবি তুলবেন বলে কয়েক ধাপ এগিয়ে মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে তিনি বরাবরই সুর চড়িয়েছেন। তবে এবার আরও চাঁচাছোলা ভঙ্গিতে জানালেন, শীঘ্রই ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পাক-অধিকৃত কাশ্মীরের অন্দর থেকেই আওয়াজ উঠবে।
রবিবার ‘জম্মু ও কাশ্মীর জনসংবাদ র্যালি’-তে দিল্লি থেকে ভাষণ দেন কেন্দ্রের এই অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। সেখানে তিনি দাবি করেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে নয়া উচ্চতায় পৌঁছাবে জম্মু ও কাশ্মীর। সেখানে যথারীতি পাক-অধিকৃত কাশ্মীর নিয়েও মুখ খোলেন বর্ষীয়ান বিজেপি নেতা। তিনি বলেন, ‘একটু অপেক্ষা করুন, শীঘ্রই পাক-অধিকৃত কাশ্মীরের মানুষরা ভারতের সঙ্গে থাকার দাবি জানাবেন এবং পাকিস্তানের অধীনে থাকবেন না। আর যেদিন সেটা হবে, সেদিন আমাদের সংসদের লক্ষ্য পূরণ হবে।’
https://twitter.com/ANI/status/1272056493383155712?s=20
কূটনৈতিক মহলের মতে, পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে বরাবরই চড়া সুরে কথা বলেছেন মোদী সরকারের মন্ত্রীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে জানিয়েছেন, পাক-অধিকৃত কাশ্মীর এবং আকসাই চীন ভারতের অবিচ্ছেদ্য অংশ। আর কাশ্মীর বোঝাতে তিনি সেই এলাকাগুলি ধরেই বলেন। একইভাবে একাধিকবার রাজনাথ হুঙ্কার দিয়েছেন, ভারত-পাকিস্তানের মধ্যে কথা হলে তা পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে হবে। ফলে বরাবরাই আক্রমণাত্মক নীতিই বজায় রেখেছে মোদী সরকার। তবে এবার পরোক্ষভাবে ইসলামাবাদের উপর চাপ বাড়াতে নয়া কৌশলের আশ্রয় নিলেন প্রতিরক্ষামন্ত্রী।






