তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের কর্মরতা এক নার্সের স্বামী করোনা আক্রান্ত হয়েছেন। তার পর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন সহকর্মীরা। একাধিকবার বলা সত্বেও তাঁদের করোনা পরীক্ষা করাচ্ছেন না প্রশাসন। এই অবস্থায় রবিবার বিক্ষোভ দেখান তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।
রবিবার হাসপাতালের সুপার মৃণালকান্তি অধিকারীর অফিসের সামনে ঘেরাও ও বিক্ষোভ দেখান হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। তাঁদের দাবি,হাসপাতালের এক নার্সের স্বামী করোনায় আক্রান্ত।যার জন্য তাদের দেহেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। সেজন্য লালারস পরীক্ষার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু সেই কথা কানে তুলছেন না সুপার।
এই অভিযোগে রবিবার বেলা ১১.৩০ মিনিট থেকে প্রায় ১ ঘণ্টা বিক্ষোভের পর স্মারকলিপি জমা দেন চিকিৎসক ও নার্সরা। সঙ্গে তাঁদের দাবি, হাসপাতালটি করোনা হাসপাতাল না হলেও তাদের সুরক্ষার জন্য PPE র ব্যবস্থা করতে হবে কর্তৃপক্ষকে। এব্যাপারে অবশ্য কোনও প্রতিক্রিয়া করেননি তুফানগঞ্চ মহকুমা হাসপাতালের চিকিৎসক মৃণালকান্তি অধিকারী।





