করোনা সংক্রমনের নিরিখে এখনও শীর্ষস্থানে রয়েছে আমেরিকা। আর ব্রাজিলের পর তিন নম্বর স্থানে রয়েছে ভারত। এবার গোটা বিশ্বের মধ্যে সব থেকে বেশি করোনা পরীক্ষা করে নজির সৃষ্টির দাবি তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী, এখনও অবধি ৪.২ কোটি কোভিড টেস্ট হয়েছে আমেরিকায়। আর সারা বিশ্বে এটিই সর্বাধিক হওয়া কোভিড টেস্টের সংখ্যা। হোয়াইট হাউসের দাবি, আমেরিকার পরই যে দেশে সবচেয়ে বেশি কোভিড টেস্ট হয়েছে তা হল ভারত। সেখানে টেস্টের সংখ্যাটা দাঁড়িয়েছে ১.২ কোটি।
এই মুহূর্তে আমেরিকায় ৩৫ লক্ষেরও বেশি মানুষ করোনা সংক্রমিত। এছাড়া এখনও অবধি মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার মানুষের। সারা বিশ্বে প্রায় ১ কোটি ৩৬ লক্ষেরও বেশি মানুষ করোনা সংক্রামিত। মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৮৬ হাজার মানুষের। আমেরিকায় সংক্রমিতের সংখ্যা সব থেকে বেশি হওয়ার কারণ হিসাবে বেশি সংখ্যায় টেস্ট হওয়াকেই উল্লেখ করেছে হোয়াইট হাউস। তাদের দাবি, ৪ কোটির থেকেও বেশি কোভিড টেস্ট করা হয়েছে এতদিন পর্যন্ত। আমেরিকার পরই ভারত অন্তত ১ কোটি ২০ লক্ষ টেস্ট করেছে বলে জানান হোয়াইট হাউসের প্রেস সচিব কায়লে ম্যাকএনানি।
হোয়াইট হাউসের দাবি, বিশ্বের কোনও দেশ এখনও অবধি এত কোভিড টেস্ট করেনি। প্রসঙ্গত, ভারতে এই মূহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ৩ হাজার ৮৩২ জন। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৪,৯৫৬ জন মোট করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬৮৭ জনের। দেশের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ লক্ষ ৩৫ হাজার ৭৫৭ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৪৭৩।





